Advertisement
  • দে । শ
  • জুন ৬, ২০২৬

ভাঙল দাঁইহাট পুরবোর্ড, ইস্তফা কাটোয়া পুরসভার তৃণমূল পুরপ্রধানের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাঙল দাঁইহাট পুরবোর্ড, ইস্তফা কাটোয়া পুরসভার তৃণমূল পুরপ্রধানের

তৃণমূল পরিচালিত দাঁইহাটের পুরপ্রধান সমর সাহা পদত্যাগ করেছেন আগেই। বাকি ১০ পুরসদস্য ইস্তফা দেওয়ায় দাঁইহাট পুরবোর্ড ভেঙে গিয়েছে। এবার পদত্যাগপত্র জমা দিলেন তৃণমূল চালিত কাটোয়া পুরসভার পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী।  কাটোয়ার মহকুমাশাসকের কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পুরপ্রধানের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন পেশায় উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক কমলাকান্তবাবু। বললেন, ‘আমার শরীর এতটাই অসুস্থ যে, যেকোনোও মুহূর্তে মারা যেতে পারি। এই অবস্থায় পুরপ্রধানের দায়িত্ব পালনে আমি অপারগ।’

এদিকে তৃণমূল পরিচালিত ১৪ ওয়ার্ডের দাঁইহাট পুরসভার পুরপ্রধান-সহ ১১ জন পুরসদস্য ইস্তফা দেওয়ায় পুরবোর্ড ভেঙে যাওয়ার বিষয়টি মহকুমা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানালেন উপপুরপ্রধান অজিত ব্যানার্জি। প্রশাসন সূত্রের খবর, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুরসভা সূত্রের খবর, ২ মাস ধরে অস্থায়ী কর্মীদের বেতন দিতে না পারার ‘নৈতিক দায়’ মাথায় নিয়ে কিছুদিন আগেই পদত্যাগ করেছিলেন পুরপ্রধান সমর সাহা। নয়া পুরপ্রধান নির্বাচনের জন্য বিশেষ তলবি সভা ডেকেছিলেন উপপুরপ্রধান অজিত ব্যানার্জি। তার আগেই দাঁইহাট শহর তৃণমূল সভাপতি অমরেন্দ্রনাথ দাস-সহ ১০ তৃণমূল পুরসদস্য ইস্তফা দেওয়ায় সেই সভা বাতিল হয়ে যায়।

এই আবহে দাঁইহাট পুরসভার ভবিষ্যৎ এখন প্রশাসনের কোর্টে। ভোটের ফল বেরনোর পর থেকেই তৃণমূল পরিচালিত রাজ্যের অন্যান্য পুরসভার মত দাঁইহাটেও শুরু হয় ডামাডোল। ডামাডোল চূড়ান্ত আকার নেয় বেতন না পেয়ে পুরসভার শ’দুয়েক অস্থায়ী কর্মীর বিক্ষোভ ও কর্মবিরতির কর্মসূচিতে। আর অস্থায়ী কর্মীদের কর্মবিরতির কারণে শহরজুড়ে জঞ্জালের পাহাড় জমা থেকে শুরু করে বিভিন্ন আনুষঙ্গিক পরিষেবা সাঙ্ঘাতিকভাবে ব্যাহত হতে থাকে। শহরের বাসিন্দারা চাইছেন, দ্রুত অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরুক দাঁইহাট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!