- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ৮, ২০২৬
এসআইআর-এ ‘ভোট চুরি’, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেবার সিদ্ধান্ত ‘ইন্ডিয়া’ জোটের
একাধিক রাজ্যে নির্বাচনী ধাক্কার পর চলতি বছরে প্রথমবার বৈঠকে বসল বিরোধী জোট ‘আইএনডিআইএ’। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ফারুক আবদুল্লার জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-সহ মোট ২৩টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী দিনে বিরোধী জোটের রণকৌশল কী হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়।
বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সমস্যা, রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিরোধী জোট ৫ টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বলে জানান তিনি। বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ‘এসআইআর’ বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিষয়টি। উল্লেখ্য, নির্বাচনের আগে বিহার ও পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছিল। এ প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল আপত্তি জানিয়েছে।
বিরোধী জোটের সিদ্ধান্ত অনুযায়ী, ‘এসআইআর’ প্রক্রিয়ার ত্রুটি এবং ভোট লুটের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দেওয়া হবে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্যা তৈরি হতে পারে। বৈঠকে ‘নিট-ইউজি’ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং সিবিএসই পরীক্ষায় ‘ওএসএম’ পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন নিয়ে পড়ুয়াদের অসন্তোষ নিয়েও আলোচনা হয়। এ ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করার সিদ্ধান্ত নিয়েছে ’ইন্ডিয়া’জোট।
পাশাপাশি, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব বৃদ্ধি, মূল্যবৃদ্ধি এবং কৃষকদের সমস্যার মতো বিষয় নিয়েও আলোচনা হয়। এ সমস্ত বিষয়ে আলোচনার জন্য দ্রুত সর্বদলীয় বৈঠক ডাকতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিরোধী জোটের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে প্রতি দু-মাস অন্তর বৈঠকে বসবেন জোটের সদস্যরা। পরবর্তী বৈঠক হবে হায়দ্রাবাদে, আগামী ৮ আগস্ট।
সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে ঐক্য ধরে রাখতে জোটের সাংসদরা প্রতিদিন সকালে নিজেদের মধ্যে বৈঠক করবেন। অধিবেশনে একসঙ্গে বিরোধী কৌশল নিয়ে এগোনোর সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পরে মল্লিকার্জুন খাড়্গে বলেন, বিরোধী দলের প্রতিনিধিরা নিজেদের মতামত জানিয়েছেন এবং পাঁচটি বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। এ বিষয়গুলির উপর লড়াই চালিয়ে যাওয়া এবং ভবিষ্যতে একসঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম ‘আইএনডিআইএ’ জোটের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
❤ Support Us





