- দে । শ
- জুন ৯, ২০২৬
নিখোঁজ পঞ্চায়েত প্রধান, কালনায় পড়ল পোস্টার
কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হরেকৃষ্ণ মণ্ডলের খোঁজ মিলছে না। একাধিক দুর্নীতিতে অভিযুক্ত হরেকৃষ্ণবাবু পঞ্চায়েত অফিসে আসছেন না। তার ছবি-সহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাতকাহন লেখা পোস্টারে ছয়লাপ গোটা পঞ্চায়েত এলাকা। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া গেলে প্রশাসনকে অবশ্যই খবর দেবেন। সেইসঙ্গে পোস্টারে উল্লেখ রয়েছে সাধারণ মানুষের জায়গা জমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুট করা, গঙ্গার মাটি পাচার করা, ত্রাণের ত্রিপল চুরি করা, পঞ্চায়েত অফিসের কলের পাইপ চুরি করা, মহিলাদের ৪ তারিখের পর ধর্ষণ করার হুমকি-সহ একাধিক অভিযোগ। প্রধানের টানা অনুপস্থিতির কারণে পঞ্চায়েত থেকে ঠিকমতন পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গেল, ভোটের ফল বেরোনোর পর থেকে প্রধান পঞ্চায়েতে আসছেন না।
স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার স্থানীয় বিজেপি কার্যকর্তাদের বলেছিলেন, পঞ্চায়েতের কাজকর্ম চালিয়ে যেতে প্রধানকে যেন বাধা না দেওয়া হয়। এদিকে তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলি মিথ্যা বলে দাবি হরেকৃষ্ণর। তার কথায়, ‘ভোটের ফল বেরনোর পর আমার বাড়ি ভাঙচুর হয়েছে। মিটার থেকে শুরু করে জলের পাইপ সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। আমি আতঙ্কগ্রস্ত ও অসুস্থ। তাই চিকিৎসার জন্য বাইরে আছি।’
❤ Support Us





