Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৯, ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে বর্ষার আগমন, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা। সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

আরম্ভ ওয়েব ডেস্ক
৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে বর্ষার আগমন, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা। সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে বর্ষা প্রবেশ এখন শুধুই সময়ের অপেক্ষা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনের মধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটতে পারে। এর ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও কমবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।

ইতিমধ্যেই কেরালায় বর্ষার আগমন ঘটেছে। পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সম্পূর্ণ এলাকা এবং অরুণাচল প্রদেশ, অসম ও ত্রিপুরার কিছু অংশেও মৌসুমি বায়ু পৌঁছে গিয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলের পাশাপাশি সিকিম ও প্রতিবেশী ওড়িশাতেও বর্ষা প্রবেশ করতে পারে। অন্যদিকে, উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়াও বইতে পারে।

মঙ্গলবার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে ঝড়বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী হওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে উত্তরবঙ্গে বর্ষার আগমন এবং দক্ষিণবঙ্গে কালবৈশাখীর জোড়া প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে। গরমের তীব্রতা কমলেও ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি মাথায় রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!