- এই মুহূর্তে দে । শ
- জুন ১০, ২০২৬
আলিপুরে জেলা পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ছাদে আটকে দুই কর্মী, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতরে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দারা ভবনটির ভিতর থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখতে পান। দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে একে একে পৌঁছয় অন্তত ১০টি দমকল ইঞ্জিন।
প্রথমে দমকল সূত্রে জানানো হয়েছিল যে ভবনের ভিতরে কেউ আটকে নেই। তবে পরে জানা যায়, বহুতল ভবনের ছাদে দু-জন কর্মী আটকে পড়েছেন। তাঁদের নিরাপদে নামিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাতানুকূল যন্ত্রে (এসি) শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ভবনের চতুর্থ তলা থেকে আগুন লাগে এবং দ্রুত তা পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। আগুন ও ধোঁয়ার তীব্রতার কারণে সিঁড়ি ব্যবহার করে উপরের তলায় পৌঁছতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। পরে জানলার কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়।
ঘটনাস্থলের পরিস্থিতি জটিল হয়ে ওঠে কারণ ভবনের চারপাশে ঘন গাছপালা এবং জায়গা তুলনামূলকভাবে সঙ্কীর্ণ। ফলে মই ব্যবহার করতেও সমস্যার সম্মুখীন হতে হয় দমকল বাহিনীকে। ভবনের উপরের তলাগুলিতে কর্মরত কয়েকজন রংমিস্ত্রিকে দড়ির সাহায্যে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। আগুন লাগার সময় অফিসের স্বাভাবিক কাজকর্ম পুরোপুরি শুরু হয়নি। স্থানীয়দের একাংশের মতে, কর্মব্যস্ত সময়ে এ ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারত। আলিপুরের ওই এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুনের উৎসস্থল চতুর্থ তলায় জেলা পরিষদের বিভিন্ন প্রশাসনিক দফতর রয়েছে। ফলে বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দমকলের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ অব্যাহত রয়েছে। শুরুতে জল সরবরাহে কিছুটা সমস্যা থাকলেও পরে জলের জোগান বাড়ানো হয়। পাশাপাশি ধোঁয়ার কারণে যাতে উদ্ধারকর্মী বা অন্য কারও শ্বাসকষ্ট না হয়, তার জন্য ঘটনাস্থলে অক্সিজেন সিলিন্ডার ও বিশেষ ব্রিদিং মেশিনও আনা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, উদ্ধার ও নির্বাপণ কাজ জোরকদমে চলছে।
❤ Support Us






