- এই মুহূর্তে দে । শ
- জুন ১১, ২০২৬
ত্রিপুরার খোয়াই থেকে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকে সমন, কালীঘাটে নোটিস, ২২ জুন হাজিরার নির্দেশ
ত্রিপুরার খোয়াই আদালত থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয়েছে । ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে তাঁকে আগামী ২২ জুন আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
জানা গিয়েছে, এই সমন স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়নি । বরং আদালতের নিয়ম মেনে আলিপুর আদালতের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হয়েছে । এ জন্য আলিপুর আদালত একজন বেলিফ নিয়োগ করে। বিধি অনুযায়ী, সমন পৌঁছে দেওয়ার আগে স্থানীয় থানাকে অবহিত করতে হয় । সেই অনুযায়ী বেলিফ প্রথমে কালীঘাট থানায় যান এবং পরে কালীঘাট থানার পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে বুধবার বিকেলে ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছন। এই ঠিকানাটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং তৃণমূল কংগ্রেসের দফতরের সরকারি ঠিকানা হিসেবেও ব্যবহৃত হয় ।
সূত্রের খবর, বেলিফকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সমনের কপি তুলে দেবেন, নয়তো নির্দিষ্ট ঠিকানার দেওয়ালে নোটিস সেঁটে তার প্রমাণস্বরূপ ছবি তুলে রাখবেন।
সমন পৌঁছে দিতে বেলিফ ও পুলিশ বাহিনী সেখানে পৌঁছলে বাড়ি সংলগ্ন দফতরে উপস্থিত ছিলেন তৃণমূলের কয়েকজন নেতা। তাঁদের মধ্যে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বিষয়টি জানতে পেরে তিনি বাইরে এসে বেলিফের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। সূত্রের দাবি, দেওয়ালে নোটিস সাঁটানোর পরিবর্তে সেটি গ্রহণ করার ব্যবস্থা করার অনুরোধ জানান কুণাল।
এরপর বেলিফকে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং সূত্রের খবর, সেখানে উপস্থিত এক কর্মীর মাধ্যমে সমনের কপি গ্রহণ করিয়ে নোটিসটি জমা দিয়ে আসেন।
উল্লেখ্য, ২০২১ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে খোয়াই থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতেই এই মামলার শুনানি চলছে। সেই মামলার সূত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কুণাল ঘোষ বলেন, “এটি সম্পূর্ণ আইনি বিষয়। এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।”
❤ Support Us







