- এই মুহূর্তে দে । শ
- জুন ১৫, ২০২৬
নিয়োগে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ, সরকারি চাকরির পরীক্ষায় ওএমআর শিট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা
রাজ্যে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অতীতের দুর্নীতির অভিযোগের পুনরাবৃত্তি রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ভবিষ্যতে সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীরা নিজেদের পূরণ করা ওএমআর শিটের কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন।
মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি চাকরির পরীক্ষায় যত নম্বরের উত্তর লিখবেন, সেই ওএমআর শিট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন।” এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ওএমআর শিটে সম্ভাব্য কারচুপি রোধ করা এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলা।
পাশাপাশি তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে লিখিত পরীক্ষার গুরুত্ব বাড়ানোর কথাও জানান। মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লিখিত মূল্যায়নের উপর বেশি জোর দেওয়া হবে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিগত তৃণমূল সরকারের আমলে শিক্ষা ও পুর নিয়োগ-সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ সামনে আসে। বিশেষ করে ওএমআর শিটে কারচুপির মাধ্যমে নম্বর বাড়িয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ আদালত পর্যন্ত গড়ায় এবং বিভিন্ন মামলার নথিতে সেই অনিয়মের বিষয়টি উঠে আসে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মাসে শিয়ালদহে আয়োজিত ‘রোজগার মেলা’ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে। তখন তিনি বলেছিলেন, “এবার থেকে পরীক্ষার কার্বন কপি প্রত্যেক যুবক-যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হতো না। স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগের অন্যতম উৎস এখানেই। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।”
সোমবারের ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতিকেই কার্যকর করার বার্তা দিল সরকার। প্রশাসনের মতে, এই পদক্ষেপ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং পরীক্ষার্থীদের মধ্যে আস্থা আরও দৃঢ় করবে।
❤ Support Us







