Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৭, ২০২৬

হকার উচ্ছেদের প্রতিবাদ, ধর্মতলায় পথে মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
হকার উচ্ছেদের প্রতিবাদ, ধর্মতলায় পথে মমতা

শিয়ালদহ থেকে হাওড়া স্টেশন-সহ বিভিন্ন জায়গায় ধারাবাহিক হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহল সরগরম। এই আবহে হকারদের উচ্ছেদের প্রতিবাদে ফের রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধর্মতলায় বুকে প্ল্যাকার্ড লাগিয়ে মানববন্ধনে অংশ নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ, দোলা সেন-সহ দলের কয়েকজন শীর্ষ নেতা। মিছিলে অংশ নেন শত শত হকারও।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই কর্মসূচি শুধু হকারদের সমর্থনে নয়, বরং দলের বর্তমান সাংগঠনিক শক্তি যাচাইয়েরও একটি প্রচেষ্টা। তাঁদের দাবি, সাম্প্রতিক নির্বাচনী বিপর্যয়ের পর তৃণমূলের সাংগঠনিক ভিত কতটা অটুট রয়েছে, তা পরখ করতেই রাজপথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, হকার উচ্ছেদ ইস্যুকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে বামপন্থী শিবিরও। যাদবপুর স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে বাম নেতৃত্বের প্রতিবাদে সাধারণ মানুষের একটি অংশের উপস্থিতি নজর কেড়েছিল। আবার কয়েকদিন আগে হাবড়া স্টেশনে রেলের জমিতে অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে বাম কর্মী-সমর্থকদের বড় জমায়েত দেখা যায়। সেই সময় পুলিশের সঙ্গে তাদের তীব্র বাগ্‌বিতণ্ডাও হয়।

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না—এই দাবিতে সরব হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী-সহ অন্যান্য বাম নেতারা। সর্বোচ্চ আদালতের নির্দেশের প্রসঙ্গ তুলে তাঁরা বিজেপি সরকারের সমালোচনাও করেছেন। রাজনৈতিক মহলের মতে, হকার উচ্ছেদকে কেন্দ্র করে জনমত গড়ে তুলে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে বামেরা।

এই পরিস্থিতিতে তৃণমূলও ইস্যুটি হাতছাড়া করতে চাইছে না বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, হকারদের আবেগ ও অসন্তোষকে সামনে রেখে রাজনৈতিক জমি পুনরুদ্ধারের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, নির্বাচনে পরাজয়ের পর চলতি মাসের ২ তারিখ এসআইআর এবং ভোট-পরবর্তী অশান্তি-সহ একাধিক ইস্যুতে ধর্মতলার ওয়াই-চ্যানেলে প্রথম ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তাঁর পাশে হাতে গোনা কয়েকজন সাংসদ ও বিধায়ককে দেখা গিয়েছিল। ফলে বুধবারের কর্মসূচিকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনের আড়ালে কি দলের অবশিষ্ট সাংগঠনিক শক্তির লিটমাস টেস্ট করতেই রাজপথে নামলেন তৃণমূল নেত্রী?

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই কর্মসূচি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ, হকার উচ্ছেদ ইস্যুকে কেন্দ্র করে একদিকে যেমন বামপন্থীরা নতুন রাজনৈতিক অক্সিজেন খুঁজে পাচ্ছে, অন্যদিকে তৃণমূলও জনসংযোগ ও সাংগঠনিক পুনর্গঠনের সুযোগ হিসেবে বিষয়টিকে কাজে লাগানোর চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!