- এই মুহূর্তে দে । শ
- জুন ২০, ২০২৬
পশ্চিমবঙ্গ দিবসে উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনিবার থেকেই তাঁর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর শুরু হওয়ার কথা । এই উপলক্ষে হুগলির তারকেশ্বরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা রয়েছে তাঁর ।
সফরের আগে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে । একই সঙ্গে তিনি রাজ্যের উন্নতি ও মানুষের সমৃদ্ধি কামনা করেন ।
বার্তায় পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য এবং সমাজ সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতের ইতিহাসে অনন্য অবদান রেখেছে এবং জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে ।
এদিন তিনি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও স্মরণ করেন। মোদীর বক্তব্য, পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনেই স্থির হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে । এই প্রেক্ষাপটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি তিনি জানান, চলতি বছর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীও পালিত হবে ।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবারই প্রথম সরকারি ভাবে ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালিত হচ্ছে । এর আগে বিজেপি এই দিনটিকে রাজ্য দিবস হিসেবে পালনের দাবি জানালেও তৎকালীন তৃণমূল সরকার পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে পালন করত। সরকার পরিবর্তনের পর ২০ জুনকে সরকারি ভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তারকেশ্বরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বরের বালিগড়িতে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়েছে । সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা ও মন্ত্রী উপস্থিত থাকবেন ।
সভাস্থল থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় দুই কিলোমিটার । স্থানীয় বিজেপি নেতাদের একাংশের দাবি, অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বাবা তারকনাথের মন্দিরেও দর্শনে যেতে পারেন । যদিও জেলা প্রশাসন বা মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি ।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে তারকেশ্বর মন্দির চত্বরও নতুন সাজে সেজে উঠেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মন্দির সংলগ্ন দুধপুকুরের চারপাশের দেওয়ালের নীল-সাদা রং বদলে গেরুয়া-সাদা রং করা হয়েছে । পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা । মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরও । গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বাঁশের ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে ।
❤ Support Us







