- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৭, ২০২৬
হাইকোর্টের শর্তে বুধবার বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মমতার মিছিল, ১,০০০ জনের অংশগ্রহণের অনুমতি
কলকাতার রাস্তায় আগামী বুধবার, ৮ জুলাই, মিছিল করার অনুমতি পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে অনুমতি দেওয়ার পাশাপাশি একাধিক শর্তও বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে শেষ করতে হবে ।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মিছিল চলাকালীন যে রাস্তা ব্যবহার করা হবে, সেখানে অন্তত একটি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। পাশাপাশি মিছিলের সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্তই মিছিল করা যাবে। এছাড়া, মিছিলে সর্বোচ্চ ১,০০০ জন অংশগ্রহণ করতে পারবেন ।
প্রসঙ্গত, কালীঘাট তৃণমূল অভিযোগ করেছিল যে, বুধবারের পরিকল্পিত মিছিলের জন্য কলকাতা পুলিশ অনুমতি দিচ্ছে না । যদিও এই মিছিলটি বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কি না, তা স্পষ্টভাবে জানানো হয়নি । তবে এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। এরপরই কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়া হয় ।
আদালতে কালীঘাট তৃণমূলের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন । আদালত মামলা দায়েরের অনুমতি দেওয়ার পর শুনানি শেষে শর্তসাপেক্ষে মিছিলের অনুমোদন দেয় ।
উল্লেখ্য, বারুইপুর কাণ্ডের প্রতিবাদে গত সোমবারও রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কালীঘাটে নিজের বাসভবনের সামনে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল শুরু করেছিলেন তিনি । তবে বাড়ি থেকে বেরোতেই গলির মুখে কেন্দ্রীয় বাহিনী তাঁর মিছিল আটকে দেয়। পরে ব্যারিকেড অতিক্রম করে মমতা এবং তাঁর অনুগামীরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান ।
এদিন মমতার নির্দেশে বারুইপুরে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল এবং বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । এর আগে নির্বাচন-পরবর্তী সময়ে দলের ভরাডুবির আবহে হকার উচ্ছেদের বিরোধিতায়ও পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে সেই কর্মসূচিতে হাতে গোনা কয়েকজন নেতা-কর্মী ছাড়া উল্লেখযোগ্য ভিড় দেখা যায়নি । সেই প্রেক্ষাপটেই বুধবার ফের মিছিলের প্রস্তুতি নিচ্ছে কালীঘাট তৃণমূল ।
❤ Support Us







