- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৮, ২০২৬
শান্তিচুক্তি লঙ্ঘন করে হরমুজে হামলা, আমেরিকার প্রত্যাঘাতে তছনছ ইরান ! বাতিল তেল বিক্রির ছাড়পত্র
শান্তিচুক্তি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালীতে পরপর তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে । এই ঘটনাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করে ইরানের বিভিন্ন সামরিক কাঠামোয় ধারাবাহিক হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র । একই সঙ্গে ইরানকে দেওয়া অপরিশোধিত তেল উৎপাদন ও বিক্রির বিশেষ ছাড়পত্রও বাতিল করেছে ওয়াশিংটন ।
বুধবার ভোর থেকে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর প্রকাশ করেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম । সিরিক, কেশম ও বন্দর আব্বাস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার জবাব দিতেই এই সামরিক অভিযান শুরু হয়েছে । যুক্তরাষ্ট্রের দাবি, নিরস্ত্র বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা সম্পূর্ণ অযৌক্তিক, বিপজ্জনক এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন ।
মার্কিন সামরিক সূত্রের দাবি, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাঁটি এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ।
অন্যদিকে, তেহরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই শান্তিচুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে। ইরানের দাবি, ওয়াশিংটনের সামরিক পদক্ষেপই আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে ।
দীর্ঘ সংঘাতের পর গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । সেই চুক্তির আওতায় ইরানের ওপর থেকে একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয় এবং ২১ আগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট জ্বালানি পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহের অনুমতি দেওয়া হয়েছিল । তবে হরমুজে হামলার অভিযোগের পর সেই বিশেষ ছাড়পত্র বাতিল করেছে যুক্তরাষ্ট্র । এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে ।
সোমবার হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে ইরানের রেভোলিউশনারি গার্ডের বিরুদ্ধে । এরপর ২৪ ঘণ্টার মধ্যেই আরও একটি জাহাজ হামলার মুখে পড়ে । পরপর তিনটি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ।
পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, আগামী ৬০ দিন হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার কথা ছিল । কিন্তু চুক্তি কার্যকর হওয়ার পরও ধারাবাহিকভাবে জাহাজে হামলার অভিযোগ ওঠায় নতুন করে সংকট তৈরি হয়েছে । এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাজার — দুটিই আবার অনিশ্চয়তার মুখে পড়েছে ।
❤ Support Us







