Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৯, ২০২৬

বাংলায় আরও বিনিয়োগে আগ্রহ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলায় আরও বিনিয়োগে আগ্রহ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা

সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীর প্রকল্প চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গে যে বিপুল শিল্প সম্ভাবনা ধাক্কা খেয়েছিল, সেই ক্ষতি আজও পুরোপুরি পূরণ হয়নি । বামফ্রন্ট সরকারের শেষ পর্ব থেকে শুরু করে পরবর্তী তৃণমূল আমলেও রাজ্যে উল্লেখযোগ্য নতুন বৃহৎ শিল্প গড়ে ওঠেনি বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল । তবে প্রায় দুই মাস আগে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্পায়নের নতুন উদ্যোগ শুরু হয়েছে বলে দাবি করছে রাজ্য প্রশাসন ।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য একাধিকবার শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার বার্তা দিয়েছেন । শিল্পপতিদের সঙ্গে নিয়মিত বৈঠক করে রাজ্যে নতুন বিনিয়োগ টানার চেষ্টা চালাচ্ছে সরকার । এরই ধারাবাহিকতায় গত তিন দিনে একাধিক বিশিষ্ট শিল্পপতি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ।

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা । মুখ্যমন্ত্রীর সরকারি ফেসবুক পেজ থেকেও এই সাক্ষাতের কথা জানানো হয়েছে । সূত্রের খবর, পশ্চিমবঙ্গে নিজেদের বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন সঞ্জীব গোয়েঙ্কা এবং তাঁর গোষ্ঠী। সেই ইচ্ছার কথাই তিনি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন ।

বর্তমানে কলকাতা ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে গোয়েঙ্কা গোষ্ঠীর সংস্থা । বিদ্যুৎ ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে । তবে এবার শুধু বিদ্যুৎ নয়, অন্যান্য শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রেও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে সংস্থাটি ।

সূত্রের দাবি, বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে এখন শিল্পবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে এবং বিনিয়োগের অনুকূল পরিস্থিতি রয়েছে । সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা করছে তাঁর গোষ্ঠী । এই উদ্যোগ বাস্তবায়নে রাজ্য সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি ।

উল্লেখ্য, সঞ্জীব গোয়েঙ্কার আগে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আদানি গোষ্ঠীর কর্ণধার করণ আদানি এবং শিল্পপতি অশোক টোডি । নতুন রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনে তাঁদেরও আগ্রহের কথা সামনে এসেছে ।

শিল্পমহলের একাংশের মতে, কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকায় ‘ডাবল ইঞ্জিন’ পরিস্থিতিতে বিনিয়োগের পরিবেশ আরও সহজ ও স্থিতিশীল হতে পারে । প্রশাসনিক জটিলতা কমে গেলে শিল্প স্থাপনের কাজও দ্রুত এগোবে বলে তাঁদের আশা । সেই কারণেই একাধিক শিল্পগোষ্ঠী বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে । সঞ্জীব গোয়েঙ্কার নবান্ন সফরও সেই ধারাবাহিকতারই গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!