Advertisement
  • দে । শ
  • জুলাই ১৪, ২০২৬

লোকসভায় এনডিএ শরিক। বাদল অধিবেশনের আগেই শাহ-বিড়লার সঙ্গে বৈঠক এনসিপিআই-এর সুদীপ-কাকলির

আরম্ভ ওয়েব ডেস্ক
লোকসভায় এনডিএ শরিক। বাদল অধিবেশনের আগেই শাহ-বিড়লার সঙ্গে বৈঠক এনসিপিআই-এর সুদীপ-কাকলির

২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। লক্ষ্য, বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই লোকসভায় নিজেদের এনডিএ-র শরিক দল হিসেবে প্রতিষ্ঠা করা।
এই প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার-সহ এনসিপিআই-র সাংসদরা। বৈঠকে তাঁরা অনুরোধ জানান, লোকসভায় তাঁদের যেন তৃণমূল কংগ্রেসের সাংসদদের থেকে আলাদা আসন বরাদ্দ করা হয়। সূত্রের খবর, বাদল অধিবেশন শুরুর আগে যে সর্বদল বৈঠক হওয়ার কথা, সেখানে এনসিপিআই-কেও আমন্ত্রণ জানানো হবে বলে স্পিকার তাঁদের আশ্বাস দিয়েছেন।
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও এক দফা বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই সূত্রের খবর, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে লোকসভায় দলের নেতা হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচেতকের দায়িত্ব পেতে পারেন কাকলি ঘোষদস্তিদার এবং উপদলনেতা হতে পারেন শতাব্দী রায়। উল্লেখযোগ্যভাবে, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বিভিন্ন সময়ে এই সাংগঠনিক দায়িত্বগুলিতে ছিলেন তাঁরাই।
অন্যদিকে, এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে ইতিমধ্যেই লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, সংবিধানের দশম তফসিল বা দলত্যাগ-বিরোধী আইনের আওতায় এক দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ায় সংশ্লিষ্ট সাংসদদের সদস্যপদ বাতিল হওয়া উচিত।
তবে সূত্রের খবর, মঙ্গলবার স্পিকারের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদারদের বৈঠকে এই সদস্যপদ খারিজের বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!