- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২২, ২০২৬
অনন্তনাগে টহলদারি বাহিনীর উপর জঙ্গি হামলা, নিহত এক কনস্টেবল । যৌথ বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় পুলিশের টহলদারি বাহিনীর উপর জঙ্গি হামলায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে । বুধবার দুপুর প্রায় ১২টা নাগাদ অনন্তনাগের লালচক এলাকায় এই হামলার ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালচক এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল পুলিশের একটি দল। সেই সময় আচমকাই জঙ্গিরা জঙ্গলের আড়াল থেকে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হামলার জবাবে পাল্টা গুলি চালায় পুলিশও। তবে গোলাগুলির মাঝেই জঙ্গিদের ছোড়া একটি গুলি এক পুলিশ কনস্টেবলের গায়ে লাগে।
গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে অনন্তনাগ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
হামলার পরপরই জঙ্গিদের খোঁজে গোটা এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। অভিযানে পুলিশকে সহায়তা করছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গিরা যাতে এলাকা ছেড়ে পালাতে না পারে, সেজন্য চারদিক ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি ড্রোনের সাহায্যে আকাশপথ থেকেও নজরদারি চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে জম্মু ও কাশ্মীরে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের একাধিক চেষ্টা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, শক্তিশালী গোয়েন্দা তথ্য এবং কড়া নজরদারির ফলে অধিকাংশ ক্ষেত্রেই সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। কয়েক দিন আগেই রজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-তে অনুপ্রবেশের একটি চেষ্টা সফলভাবে প্রতিহত করে ভারতীয় সেনা। সাম্প্রতিক এই হামলার পর ফের কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
❤ Support Us





