Advertisement
  • দে । শ
  • জুলাই ২৪, ২০২৬

আবগারি শুল্ক দুর্নীতি মামলায় ইডির বড় অভিযান, কলকাতা-পুরুলিয়া-সহ ভিন্‌রাজ্যে একযোগে তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
আবগারি শুল্ক দুর্নীতি মামলায় ইডির বড় অভিযান, কলকাতা-পুরুলিয়া-সহ ভিন্‌রাজ্যে একযোগে তল্লাশি

চিত্র সংগৃহিত

আবগারি শুল্ক দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকাল থেকে বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তের সূত্র ধরে কলকাতা, পুরুলিয়া এবং ভিন্‌রাজ্যের একাধিক স্থানে একযোগে অভিযান চালানো হচ্ছে।

কলকাতায় একটি মদ বিক্রয়কারী সংস্থার অফিসে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি পুরুলিয়ার নিতুড়িয়া থানার পারবেলিয়া বাজার সংলগ্ন এলাকায় হোটেল ব্যবসায়ী সুরজ বিশ্বকর্মার বাড়িতেও অভিযান চলছে। তাঁর মালিকানাধীন রেস্তরাঁতেও সকাল থেকেই তল্লাশি শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মদ বিক্রয়কারী সংস্থার বিরুদ্ধে আবগারি শুল্ক ফাঁকি দিয়ে মদ বিক্রির অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, ওই সংস্থার সরবরাহ করা মদ বিক্রি হত এমন একাধিক রেস্তরাঁকেও তদন্তের আওতায় আনা হয়েছে। সেই কারণেই সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, আবগারি শুল্ক সংক্রান্ত দুর্নীতির অভিযোগ সামনে আসার পর ২০১৫-১৬ সালে রাজ্য পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। পরবর্তীতে তদন্তে আর্থিক অনিয়ম ও অর্থ লেনদেনের অসঙ্গতির প্রমাণ মিললে ২০২১ সালে ইডি ইসিআইআর (ECIR) নথিভুক্ত করে। এরপর থেকেই অর্থপাচারের সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবারের এই তল্লাশি সেই তদন্তেরই অংশ বলে জানা গিয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!