Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ২৪, ২০২৬

নিট প্রশ্নফাঁস ইস্যুতে বামেদের ‘রাত জাগো। দেশ জাগো’-র পাল্টা কর্মসূচি সংঘের, আজ থেকেই জেলায় জেলায় মিছিল ও পথসভা

আরম্ভ ওয়েব ডেস্ক
নিট প্রশ্নফাঁস ইস্যুতে বামেদের ‘রাত জাগো। দেশ জাগো’-র পাল্টা কর্মসূচি সংঘের, আজ থেকেই জেলায় জেলায় মিছিল ও পথসভা

বামপন্থী সংগঠনগুলির ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচির পাল্টা হিসেবে নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে সরাসরি মাঠে নামছে সংঘ পরিবার। ছাত্র সংগঠন এবিভিপি (ABVP), শিক্ষক-অধ্যাপক সংগঠন এবিআরএসএম (ABRSM), বিএসএম এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালকদের সংগঠন বিদ্যা ভারতী-সহ একাধিক সংগঠন যৌথভাবে আজ, শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল ও পথসভার কর্মসূচি শুরু করছে।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার বিকেলে কলকাতায় মিছিল করার জন্য অনুমতি চেয়েছিল সিজেপি। তবে পুলিশ সেই অনুমতি না দেওয়ায় তারা বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে যৌথভাবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিন কলকাতায় আটটি বাম ছাত্র সংগঠন প্রতিবাদ মিছিল শুরু করেছে। পাশাপাশি এসএফআই-এর উদ্যোগে ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচিও অনুষ্ঠিত হচ্ছে।

এই পরিস্থিতিতে সংঘ পরিবারের অভিযোগ, নিট আন্দোলনের নামে বামপন্থী সংগঠনগুলি দেশজুড়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সেই কারণেই এর পাল্টা বার্তা পৌঁছে দিতে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করতে তারা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গিয়েছে, ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’ নামে একটি অভিন্ন ব্যানারের অধীনে এবিভিপি-সহ শিক্ষা ক্ষেত্রের একাধিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন যুক্ত থাকায় যৌথ প্ল্যাটফর্ম থেকেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে সংঘ পরিবারের কর্মসূচি শুরু হয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান-সহ রাজ্যের একাধিক জেলায় মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতাতেও সংঘ পরিবারের পক্ষ থেকে একটি বড় মিছিলের পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংগঠনের অন্দরে আলোচনা চলছে।

সংঘ পরিবারের দাবি, নিট প্রশ্নফাঁসের ঘটনা সামনে আসার পর দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং সুষ্ঠুভাবে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এই পরিস্থিতিতে হিংসাত্মক বা অস্থিরতামূলক আন্দোলনের কোনও যৌক্তিকতা নেই। সাধারণ মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে তারা পথে নেমেছে বলে দাবি করেছে সংগঠন। পাশাপাশি তাদের অভিযোগ, এই আন্দোলনের আড়ালে দেশবিরোধী শক্তিও সক্রিয় রয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!