- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৮, ২০২৬
পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড়ো পদক্ষেপ: একসঙ্গে ৯৯ বিডিও বদলি, গ্রামোন্নয়নের কাজে গতি আনতে উদ্যোগ রাজ্য সরকারের
বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানদের অনুপস্থিতির কারণে প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা তৈরি হয়েছে। বহু জায়গায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ থমকে রয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে গ্রামোন্নয়নের কাজে গতি আনতে প্রশাসনের নিচু স্তরেও বড়সড় রদবদল শুরু করেছে নবান্ন। সেই পদক্ষেপের অংশ হিসেবে রাজ্য সরকার একযোগে ৯৯ জন ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-কে বদলি করেছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।
গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিজেপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত আড়াই মাসে রাজ্য প্রশাসনের উচ্চস্তরে একাধিক রদবদল করা হয়েছে। বদল হয়েছে পুলিশ প্রশাসনেও। এবার সেই পরিবর্তনের ছোঁয়া পৌঁছল গ্রামীণ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর, অর্থাৎ বিডিও পর্যায়ে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই পঞ্চায়েত ব্যবস্থার অচলাবস্থা নিয়ে বারবার সরব হয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজ কার্যত বন্ধ হয়ে রয়েছে। কারণ, রাজ্যে সরকার পরিবর্তন হলেও অধিকাংশ পঞ্চায়েত এখনও কাগজে-কলমে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে। বহু জায়গায় প্রধান ও উপপ্রধানেরা পদত্যাগ করেছেন, আবার কোথাও তাঁরা আত্মগোপন করেছেন বলে অভিযোগ। ফলে বহু পঞ্চায়েত অফিসে তাঁদের অনুপস্থিতিতে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষও পরিষেবা পেতে সমস্যার মুখে পড়ছেন।
পরিস্থিতি মোকাবিলায় পঞ্চায়েত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে হাঁটছে রাজ্য সরকার। সম্প্রতি বিধানসভায় এ সংক্রান্ত একটি সংশোধনী বিল পাস হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, পঞ্চায়েতের আর্থিক ও প্রশাসনিক কাজে প্রধানদের ‘সিগনেটরি অথরিটি’ হিসেবে রাখা হবে না। পরিবর্তে সেই দায়িত্ব দেওয়া হবে সরকারি আধিকারিকদের হাতে। প্রশাসনিক সূত্রের খবর, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে বিডিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশোধনী বিলটি আইনে পরিণত হলে পঞ্চায়েত স্তরের সরকারি আধিকারিকদের প্রশাসনিক কাজে বিডিওদের সঙ্গে আরও নিবিড় সমন্বয়ের প্রয়োজন হবে। সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যজুড়ে বিডিওদের এই ব্যাপক রদবদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ ব্যাচের একদল তরুণ আধিকারিককে রাজ্যের বিভিন্ন ব্লকে বিডিও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের একাংশের মতে, দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে থমকে থাকা উন্নয়নমূলক প্রকল্পগুলিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে এবং পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কার্যকর করতে শুভেন্দু অধিকারীর সরকারের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ।
❤ Support Us







