Advertisement
  • দে । শ
  • আগস্ট ১৪, ২০২৬

তাঁতশিল্প পুনরুজ্জীবনের ডাক

আরম্ভ ওয়েব ডেস্ক
তাঁতশিল্প পুনরুজ্জীবনের ডাক

বাম জমানা থেকে শুরু। তারপর থেকে ক্রমেই রুগণ হয়ে পড়েছে কালনা ও কাটোয়া ২ মহকুমার বিস্তীর্ণ এলাকার হস্তচালিত তাঁতশিল্প। পালাবদলের সরকার এই শিল্পকে বাঁচাতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক। এমনই দাবি এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লাখের উপর বাসিন্দা। পূর্ব বর্ধমান জেলার  তাঁত অধ্যুষিত এলাকাগুলি থেকে বেশি বেশি করে তাঁত বস্ত্র কেনা, ভিন্ রাজ্য ও বিদেশে বিপণন, আধুনিক প্রশিক্ষণ, বাজারের নিশ্চয়তা-সহ নানান দাবি তুলছেন তাঁতশিল্পী ও শ্রমিকরা।
কৃষিনির্ভর জেলা হিসেবে পূর্ব বর্ধমানের পরিচিতি থাকলেও তাঁতশিল্পের উপরও নির্ভর করেন জেলার কয়েক লক্ষ মানুষ। কালনা মহকুমার, নসরৎপুর, সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, পূর্বস্থলী, কাটোয়া মহকুমার মুস্থুলি, ঘোড়ানাশ, পানুহাট, কেতুগ্রাম-সহ বিস্তীর্ণ এলাকার তাঁতশিল্পের সুনাম রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যে পৌঁছেছে। নোবেল লরিয়েট অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এখানকার তাঁতবস্ত্রের টানে বারেবারেই ছুটে এসেছেন। কালনার জ্যোতিষ দেবনাথ তাঁতশিল্পের স্বীকৃতি হিসেবে এ বছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তাতেও এলাকার হস্তচালিত তাঁত শিল্প ও শিল্পীদের দুর্দশা লাঘব হয়নি।

শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেল, বাম আমল থেকেই দুর্দশার সূচনা। তাঁতবস্ত্র সমিতিগুলি ঋণগ্রস্ত হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধি আর বাজার না পাওয়ার কারণে লাভের পরিমাণ তলানিতে ঠেকেছে। বাজারে চলে এসেছে বাংলাদেশের অনেক কম দামের তাঁতবস্ত্র। এছাড়া আধুনিক যন্ত্রচালিত তাঁতে উৎপাদনের হার তুলনায় যেমন বেশি, মজুরিও বেশি। সাবেক পদ্ধতিতে উৎপাদনের হার অনেক কম। ফলে যন্ত্রচালিত তাঁতের সঙ্গে পাল্লা দিতে পারছে না হস্তচালিত তাঁতশিল্প। এমন অবস্থা দেখে বহু শিল্পী নিজেদের পেশা ছেড়ে কেউ হকারি, কেউ দিনমজুরি করছেন। কেউ ভ্যান-রিকশ টেনে, কেউ ইটভাটায় কাজ করে সংসার চালাচ্ছেন।  ছেলেমেয়েদের এই শিল্পে আসতে দিতে চাইছেন না। জেলা হ্যান্ডলুম ডেভেলপারস প্রোডিউসারস সংগঠনের তরফে গৌতম বসাকের দাবি, ‘ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে তন্তুবায় সমিতির পরিকাঠামোগত উন্নয়ন, তাঁতশিল্পের আধুনিকীকরণ, সরকারি সুবিধার আশু প্রয়োজন।’ সংগঠনের আশা, বর্তমান সরকার পরিস্থিতি পর্যালোচনা করে হস্তচালিত তাঁতশিল্পকে বাঁচাতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!