- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ১৭, ২০২৬
ইউক্রেনে ৮২২ ড্রোন হামলা, ব্যাপক ধ্বংসযজ্ঞ রাশিয়ায় । মস্কোর পাল্টা আক্রমণে লক্ষ্মী মিত্তালের কারখানা বিধ্বস্ত
রাশিয়ার ওপর সাম্প্রতিককালে সবচেয়ে বড় ও প্রাণঘাতী বিমান হামলা চালাল ইউক্রেন। রবিবার রাতে ৮২২টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলা ঘিরে সমগ্র রাশিয়া জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ইউক্রেনীয় ড্রোনগুলি রাশিয়ার রাজধানী মস্কো থেকে রোস্তভ পর্যন্ত ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই ভয়াবহ হামলায় ৬ জন প্রাণ হারিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতভর ৮২২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে, রাশিয়ার পাল্টা ক্ষেপনাস্ত্র হামলায় ক্রিভি রিহ-তে অবস্থিত ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মী মিত্তালের আর্সেলরমিত্তাল মাইনিং অ্যান্ড মেটালার্জিক্যাল কমপ্লেক্স বিধ্বস্ত। ইউক্রেনের বৃহত্তম এই ইস্পাত কারখানায় চালানো হামলায় ২ জন নিহত এবং ১৪ জন শ্রমিক আহত হয়েছেন।
এর আগে ইউক্রেন শত শত ড্রোন দিয়ে রাশিয়ার ওপর হামলা করেছিল। কিয়েভের পক্ষ থেকে এটাকে যুদ্ধের অন্যতম বড় বিমান হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ এটিকে ‘সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ড্রোন হামলা’ বলে অভিহিত করেছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন যে, প্রায় ৬০০টি ড্রোন সরাসরি রাজধানী মস্কোর দিকে ধেয়ে আসছিল। এই ড্রোনগুলোর এক–তৃতীয়াংশ মস্কো অঞ্চলের মাঝ আকাশে ধ্বংস হয়ে যায়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, একটা ড্রোন সরাসরি একটা আবাসিক ভবনে আঘাত করে। এতে ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। ইউক্রেনের এই ড্রোন হামলায় পোডলস্ক শহরে ই–কমার্স কোম্পানি ওয়াইল্ডবেরিজের বিশাল গুদামগুলিতে আগুন লেগে যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে। ডোমোডেডোভোর একটা ঔষধের গুদাম এবং ভোসক্রেসেনস্কের একটা শিল্প এলাকায়ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এই হামলায় তিনজন আহত হয়েছেন।
এদিকে, রোস্তভ অঞ্চলও ইউক্রেনের ড্রোন হামলায় কেঁপে ওঠে। গভর্নর ইউরি স্লিওসার জানান, ১৫০টিরও বেশি ড্রোন রোস্তভ-অন-ডনের তিনটি শহরে হামলা চালিয়েছে। এই হামলায় পাঁচজন নিহত হয়েছেন। বেশ কয়েকটি আবাসিক ভবন, একটা রেলস্টেশন এবং নিকটবর্তী বনভূমি আগুনে ভস্মীভূত হয়ে যায়। রাশিয়ার অ্যামাজন খ্যাত ওয়াইল্ডবেরিজ, রাশিয়ার পণ্য পরিবহন পরিকাঠামোর বিরুদ্ধে ইউক্রেনের অভিযানে প্রায়শই লক্ষ্যবস্তু হয়ে আসছে। জুলাই মাসের মাঝামাঝি থেকে কোম্পানিটির অন্তত ২০টি গুদামে হামলা চালানো হয়েছে।
এদিকে, এই হামলার জবাবে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ, ক্রেমেনচুক ও ক্রিভি রিহ-তে হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ক্রিভি রিহ-তে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন এবং সুমিতে আরও একজন নিহত হয়েছেন। ক্রিভি রিহ–তে অবস্থিত ভারতীয় বংশোদ্ভূত শতকোটিপতি লক্ষ্মী মিত্তালের আর্সেলরমিত্তাল মাইনিং অ্যান্ড মেটালার্জিক্যাল কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বৃহত্তম এই ইস্পাত কারখানায় চালানো এই হামলায় দ২জন নিহত এবং ১৪ জন শ্রমিক আহত হয়েছেন। কারখানার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও ব্লাস্ট-ফার্নেস ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন আংশিকভাবে বন্ধ করে দিতে হয়েছে। রাশিয়ার ওপর ইউক্রেনের বড় আকারের ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়। এছাড়া, কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত দুটি জেলায় আগুন লেগেছে এবং ৬ জন আহত হয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী কিয়েভ, ক্রেমেনচুক এবং ক্রিভি রিহ এলাকায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৮৫টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে, এবং ১৩টি স্থানে হামলার কথা জানতে পেরেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল কিয়েভের একটা সামরিক শিল্প স্থাপনা, ক্রেমেনচুক তেল শোধনাগার এবং ক্রিভি রিহ-এর আর্সেলরমিটাল খনি ও ধাতুবিদ্যা কমপ্লেক্স।
❤ Support Us







