- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৭, ২০২৬
চিকিৎসার জন্য বিদেশ যাত্রা নিয়ে ফের বিপাকে অভিষেক । দারস্থ আদালতের
ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে জানান, চিকিৎসার জন্য খুব শীঘ্রই অভিষেকের বিদেশে যাওয়ার কথা। তার আগেই তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে।
অভিষেকের আইনজীবীর দাবি, কী কারণে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে তাঁকে কোনও কারণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আর্জি জানান অয়ন। পাশাপাশি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১০৭ ধারা প্রয়োগ না করে কী ভাবে কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অভিষেকের আইনজীবী আদালতে জানান, ওই আইনি বিধান অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে অ্যাকাউন্ট ফ্রিজ করার অনুমতি নিতে হয়। কিন্তু অভিষেকের ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি তাঁর।
আবেদনের প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি কৃষ্ণ রাও। শুনানির সময় বিচারপতি জানতে চান, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনও তদন্ত চলছে কি না। জবাবে তাঁর আইনজীবী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অভিষেক সংশ্লিষ্ট তদন্তে সহযোগিতা করছেন। সেই তদন্তের সঙ্গে তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করা হয়।
এর পরেই মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষগুলিকে নোটিস দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।
অন্য দিকে, বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি নিয়ে এর আগেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। গত সোমবার সুপ্রিম কোর্ট তাঁকে তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দেয়। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, তাঁর বিদেশযাত্রায় কোনও ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না।
এর আগে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলা খারিজ হয়ে যাওয়ার পর ৭ অগস্ট গভীর রাতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। পরবর্তী সময়ে শীর্ষ আদালত তাঁকে চিকিৎসার জন্য তিন সপ্তাহ বিদেশে যাওয়ার অনুমতি দেয়। এবার বিদেশযাত্রার আগে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনায় ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।
❤ Support Us







