- দে । শ
- আগস্ট ১৭, ২০২৬
আলু চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা কৃষিমন্ত্রীর
মজুতদারদের হুঁশিয়ারি। সারের কালোবাজারি রোখা। আলু চাষিদের পাশে থাকা। ভারতীয় জনতা কিষান মোর্চার কাটোয়া সাংগঠনিক জেলার কৃষক সম্মাননা সভায় এসে এমনই বার্তা দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মণ্ডলের। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চে আয়োজিত কৃষক সংবর্ধনা সভায় ছিলেন মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক, বিজেপির জেলা সভাপতি স্মৃতিকণা বসু, বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদাররা। মন্ত্রী দুধকুমারের হুঁশিয়ারি, ‘সারের কালোবাজারি হলেই অভিযোগ করুন। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ যোগ করেন, ‘এমআরপি-র থেকে সারের বেশি দাম চাওয়া, আর সারের সঙ্গে অণুখাদ্য কিনতে বাধ্য করার অভিযোগ পাচ্ছি। এসব বরদাস্ত হবেন। কৃষি দপ্তরে অভিযোগ করুন। সরকার ব্যবস্থা গ্রহণ করবে।’
সেইসঙ্গে জানিয়ে দেন, ‘কোনোভাবেই সার গোডাউনে মজুত করে কৃত্রিম উপায়ে দাম বৃদ্ধি করার চেষ্টা কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ মন্ত্রীর কথায়, ‘সমস্ত জিনিসেরই দাম নির্ধারিত মূল্যের থেকে কম নেওয়া হয়। কিন্তু সারের ক্ষেত্রে বেশি নেওয়া হচ্ছে। এর পিছনে একটি বড় চক্র রয়েছে। বাম ও তৃণমূলের জমানায় এই চক্রটি সক্রিয় ছিল। সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ভারতীয় জনতা পার্টিই এ ব্যাপারে পদক্ষেপ করছে।’
মন্ত্রী এদিন আলুচাষিদের পাশে দাঁড়ানোর কথাও ঘোষণা করেন। বলেন ‘দেশজুড়েই এবার আলুর উৎপাদন অনেক বেশি। সেই কারণে দর নেই।’ পাশাপাশি যে সমস্ত কৃষকরা হিমঘরে আলু রেখেছেন, তাদের হিমঘরের ভাড়া যাতে মুকুব করা যায়, সেই বিষয়েও কৃষি দপ্তরের তরফে রাজ্য সরকারকে আবেদন করা হয়েছে বলে জানালেন দুধকুমার। এ বছর এ পর্যন্ত রাজ্যজুড়ে ৮০ শতাংশ জমিতে আমন চাষ সারা হয়েছে বলে জানালেন মন্ত্রী।
❤ Support Us





