Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৮, ২০২৬

সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরির রিপোর্ট, দেশের ১৪ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরির রিপোর্ট, দেশের ১৪ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

দেশের ১৪ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে । সুপ্রিম কোর্টে জমা দেওয়া ৯৬ পাতার একটি রিপোর্টে এমনই তথ্য জানিয়েছেন শীর্ষ আদালত নিযুক্ত অ্যামিকাস কিউরি (আদালত বান্ধব) বিজয় হংসরিয়া । আদালত বান্ধব আদালতকে তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বিচারপ্রক্রিয়ায় সহায়তা করেন ।

রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ রেবন্ত রেড্ডির বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে এমন মামলার সংখ্যা ৮৯টি । এরপর রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর বিরুদ্ধে রয়েছে ২৯ মামলা ।

তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার । তাঁর বিরুদ্ধে ১৯টি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে । একই সংখ্যক মামলা রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডুর বিরুদ্ধেও ।

কেরলের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের বিরুদ্ধে রয়েছে ১৮টি গুরুতর ফৌজদারি মামলা । ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র প্রধান হেমন্ত সোরেন এবং মহারাষ্ট্রের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বিরুদ্ধে রয়েছে পাঁচটি করে মামলা ।

হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর বিরুদ্ধে রয়েছে চারটি গুরুতর ফৌজদারি মামলা । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে-র প্রধান সি জোসেফ বিজয় ‘তলপতি’ এবং বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরীর বিরুদ্ধে রয়েছে দু’টি করে মামলা ।

এ ছাড়া সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার বিরুদ্ধে একটি করে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ।
গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত বিধায়কদের সংখ্যার দিক থেকেও পশ্চিমবঙ্গ রয়েছে শীর্ষে । রিপোর্ট অনুযায়ী, রাজ্যে দল নির্বিশেষে ১৭০ বিধায়কের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে । শতাংশের হিসাবে এই হার ৫৮ শতাংশ । এর পরেই রয়েছে কেরল, যেখানে ৫৭ শতাংশ বিধায়কের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে । অন্ধ্রপ্রদেশে এই হার ৫৬ শতাংশ, তেলঙ্গানায় ৪৯ শতাংশ, ঝাড়খণ্ডে ৪৫ শতাংশ এবং ওড়িশাতেও ৪৫ শতাংশ ।

অ্যামিকাস কিউরির রিপোর্টে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের বিরুদ্ধেও ফৌজদারি মামলার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে । রিপোর্ট অনুযায়ী, লোকসভার ১৭০ সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে । রাজ্যসভার ৭৫ সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর । তেলঙ্গানার ১৭ লোকসভা সাংসদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে । অন্যদিকে, পশ্চিমবঙ্গের ৪২ জন লোকসভা সাংসদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে এমন মামলা রয়েছে বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!