- দে । শ
- আগস্ট ২৯, ২০২৬
অগ্নি সুরক্ষায় জোর, ৩০ নার্সিংহোমকে শোকজ
সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে বেসরকারি ক্ষেত্রে নিয়ে গিয়ে চিকিৎসা করা যাবে না, জারি নির্দেশিকা
পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর হাল সরেজমিনে দেখতে এসে ইঙ্গিতটা দিয়ে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি। কোনোও অপারেশনের রোগী সরকারি হাসপাতালে ভর্তি হলে সেই হাসপাতালে যে সরকারি চিকিৎসকের অধীনে ওই রোগী ভর্তি হয়েছেন, ভর্তির পর ৭২ ঘন্টা কোনও বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে গিয়ে ওই রোগীর অপারেশন করতে পারবেন না সংশ্লিষ্ট চিকিৎসক। এই বিষয়টি নিয়েই স্বাস্থ্য দফতরের তরফে জারি হল নির্দেশিকা। ব্যাখ্যা হিসেবে নির্দেশিকায় স্পষ্ট করা রয়েছে, রাজ্য মেডিক্যাল এডুকেশন সার্ভিস রুলস (২০০৬)-র ২(১) নং নিয়ম অনুযায়ী জনস্বার্থে সরকার নিযুক্ত চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস সরকার নিয়ন্ত্রণ করতে পারে। স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও এই নির্দেশিকা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। পূর্ব বর্ধমান জেলা সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী জানতে পারেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগী বা তাদের আত্মীয়দের নানাভাবে বিভ্রান্ত করে বেসরকারি ক্ষেত্রে নিয়ে গিয়ে অপারেশন করানোর একটা চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। বাড়তি অর্থের লোভে অনেক চিকিৎসক ওই অসাধু চক্রে জড়িয়ে পড়েন। এই ব্যবস্থাটারই মূলে আঘাত করতে চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তারাপীঠ ও কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার আঁচ যাতে স্বাস্থ্যক্ষেত্রে না পড়ে, তারজন্য আগাম সতর্কতাও দিয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। এরপরই নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য দফতর। যোগাযোগ করে দমকলের সঙ্গে। জেলার সরকারি ও বেসরকারি, সমস্ত হাসপাতালকে ফায়ার অডিট রিপোর্ট পেশ করতে বলে। সেই রিপোর্ট আশানুরূপ না হওয়ায় অর্থাৎ অগ্নি সুরক্ষায় ফাঁক থাকায় জেলার ৩০টি নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। জেলায় মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শুরু করে মহকুমা, ব্লক, গ্রামীণ ও প্রাথমিক মিলিয়ে ১১৪টি সরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। আর বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালের সংখ্যা ১৫৩টি। ফায়ার অডিটে যে সমস্ত বিষয় দেখা হচ্ছে, সেগুলি হল, অগ্নি নির্বাপক ব্যবস্থা, সিঁড়ির পরিসর, ইমারজেন্সি গেট, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিকাঠামো, ফায়ার অ্যালার্ম, ধোঁয়া ও তাপ নির্ণায়ক ব্যবস্থা প্রভৃতি। সেইসঙ্গে আগুন লাগলে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জল সরবরাহ ব্যবস্থা, পাম্প, হাইড্র্যান্ট সিস্টেম, স্প্রিঙ্কলারগুলি নিয়ম করে পরীক্ষার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
❤ Support Us





