- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১, ২০২৬
এসসিও সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদির, শেহবাজ শরিফের উপস্থিতিতেই ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বন্ধের আহ্বান
যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয় না। সমস্ত যুদ্ধ ও সংঘাতের সমাধান করতে হবে আলোচনা ও কূটনীতির মাধ্যমে। কিরঘিজস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলনে এমনই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং বহু দেশের অর্থনীতি প্রভাবিত হচ্ছে। এ পরিস্থিতির মধ্যেই আঞ্চলিক সংগঠন ‘এসসিও’-র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো দ্বিমুখী নীতি বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’-এর জায়গা থাকা উচিত নয়।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত দেশকে একসঙ্গে এবং একই কণ্ঠে কথা বলতে হবে। সন্ত্রাসবাদের গোটা ব্যবস্থাকেই ভেঙে দিতে হবে। তার অর্থের জোগান, জঙ্গি নিয়োগ, উগ্রপন্থায় দীক্ষিত করা আর তাদের নিরাপদ আশ্রয়স্থল; সবকিছুর বিরুদ্ধেই একযোগে পদক্ষেপ প্রয়োজন। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রধানমন্ত্রী মোদি যখন এই মন্তব্য করেন, তখন একই সভাকক্ষে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দিল্লির দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তানের মাটিতে সক্রিয় বিভিন্ন জঙ্গি সংগঠনকে সমর্থন ও আশ্রয় দিয়ে ভারতবিরোধী সন্ত্রাসবাদে মদত দেওয়া হয়। মোদির এ বক্তব্য সে প্রেক্ষাপটেই পাকিস্তানের নীতির দিকে সরাসরি ইঙ্গিত করেছে বলে মনে করা হচ্ছে।
গত বছর জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলায় পাকিস্তান-সংযুক্ত জঙ্গিদের জড়িত থাকার অভিযোগ ওঠে। ওই হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটে। এর পরেই ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গিদের প্রশিক্ষণকেন্দ্র ও অন্যান্য পরিকাঠামোতে হামলা চালানো হয়। একইসঙ্গে পাকিস্তানি সামরিক পরিকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।
‘এসসিও সম্মেলন’-এ প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, পরিকাঠামোগত প্রকল্পে দেশগুলির মধ্যে সহযোগিতা প্রয়োজন। তবে এ ধরনের প্রকল্প অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলির সার্বভৌমত্ব আর ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে পরিচালিত হতে হবে। মোদির বক্তব্যে একদিকে যেমন যুদ্ধ ও সংঘাতের পরিবর্তে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে, অন্যদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ধরনের দ্বিচারিতা না করার জন্য ‘এসসিও’-ভুক্ত দেশগুলির প্রতি কঠোর বার্তাও দেওয়া হয়েছে।
❤ Support Us







