- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১, ২০২৬
অবসরপ্রাপ্ত সাংবাদিকদের বিশেষ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
সাংবাদিকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিকদের কল্যাণে একগুচ্ছ নতুন সুবিধার কথা ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যবিমার আওতায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বৃদ্ধি এবং পুজোর সময় সাংবাদিকদের আর্থিক সহায়তা।
মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে সাংবাদিকরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় চিকিৎসার সুবিধা পাবেন। বিশেষ করে যে সমস্ত সাংবাদিক এখনও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসতে পারেননি, তাঁদের এই স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্যও বড়ো ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন মাসে ২,৫০০ টাকা করে পেনশন দেওয়া হলেও এবার সেই অর্থ বাড়িয়ে মাসে ৫,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন দ্বিগুণ করা হল।
শুধু অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকরাই নন, অ্যাক্রিডিটেশন কার্ড না থাকা সাংবাদিক এবং ডেস্কে কর্মরত সাংবাদিকদেরও পেনশনের আওতায় আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ফলে আরও বেশি সংখ্যক সাংবাদিক এই সুবিধার আওতায় আসবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পুজোর সময় সাংবাদিকদের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কলকাতা ও জেলার সাংবাদিকরা পুজোর সময়ে আবেদন করলে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
সাংবাদিকদের সঙ্গে সরকারের সম্পর্কের প্রসঙ্গেও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যে কোনো গঠনমূলক আলোচনা তিনি স্বাগত জানান। তবে দেশের স্বার্থ ও দেশপ্রেমের প্রশ্নে সাংবাদিকদের সকলকে কঠোর ও দায়িত্বশীল মনোভাব নিয়ে চলার জন্য আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সাংবাদিকদের জন্য স্বাস্থ্যসুরক্ষা, অবসরকালীন আর্থিক নিরাপত্তা এবং উৎসবের সময়ে আর্থিক সহায়তার ক্ষেত্রে একাধিক নতুন সুবিধার পথ খুলল।
❤ Support Us






