Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২১, ২০২৬

নাম-প্রতীক হারিয়েও দলীয় তহবিল ব্যবহারের অধিকার মমতা তৃণমূলেরই, পুরনো নির্দেশ বহাল হাই কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
নাম-প্রতীক হারিয়েও দলীয় তহবিল ব্যবহারের অধিকার মমতা তৃণমূলেরই, পুরনো নির্দেশ বহাল হাই কোর্টের

অবিভক্ত তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও প্রতীক আপাতত হাতছাড়া হলেও দলীয় তহবিল ব্যবহারের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের কাছেই থাকল। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের পরেও কলকাতা হাই কোর্ট তার আগের নির্দেশই বহাল রাখল। ফলে একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূলের ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট শর্তে টাকা খরচ করতে পারবে কালীঘাট তৃণমূল।

সোমবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ করেন, নির্বাচন কমিশন এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। উপনির্বাচনের জন্য কমিশন তৃণমূলের দলীয় নাম ও প্রতীক নিয়ে শুধুমাত্র অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। সে কারণে কমিশনের ওই নির্দেশের ভিত্তিতে তহবিল সংক্রান্ত আদালতের আগের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো কারণ নেই। আদালত জানায়, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট তিনটি অ্যাকাউন্ট থেকে টাকা খরচের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের কাছেই থাকবে।

তবে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির — কেউই আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। এ পরিস্থিতিতে কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলাটির গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে রাজ্য। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে সওয়াল করেন, মামলাটি ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর নামে দায়ের করা হয়েছে। অথচ নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী বর্তমানে ওই নামে কোনও রাজনৈতিক দল নেই। দলের নাম ও প্রতীক — দুটিই আপাতত ফ্রিজ করা হয়েছে।

রাজ্যের এই যুক্তির পর আদালত জানায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তটি যেহেতু এখনও অন্তর্বর্তী পর্যায়ে রয়েছে, তাই আদালত আপাতত তার আগের অবস্থানেই থাকবে। পাল্টা রাজ্যের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়, এই পর্যায়ে আদালত হস্তক্ষেপ করলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে নির্বাচন কমিশন পরবর্তীকালে তৃণমূলের কোনো একটি পক্ষের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তখন আদালতের বর্তমান নির্দেশের কী প্রভাব পড়বে, সে প্রশ্নও তোলা হয়।
ঘটনার সূত্রপাত অবৈধ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগের তদন্তের সময় একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় পুলিশ। পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল।

মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি পরিচালনার জন্য একজন বিশেষ অফিসার নিয়োগ করেন। গত ৯ জুলাই আদালত নির্দেশ দিয়েছিল, আপাতত ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর কালীঘাট তৃণমূলের অধিকার থাকবে। তবে দলটি ইচ্ছেমতো বা লাগামহীন ভাবে ওই তহবিল থেকে টাকা খরচ করতে পারবে না। আদালত-নিযুক্ত বিশেষ অফিসারের মাধ্যমে দলের দৈনন্দিন কাজকর্ম এবং কর্মীদের বেতন দেওয়ার মতো প্রয়োজনীয় খরচ মেটানো হবে।

আদালতের ওই নির্দেশ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। সোমবারের শুনানিতে সেই নির্দেশই বহাল রাখল হাই কোর্ট। অর্থাৎ নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে দলীয় নাম ও প্রতীক ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন এলেও, ফ্রিজ করা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে হাই কোর্টের আগের ব্যবস্থাই আপাতত কার্যকর থাকছে। এর পাশাপাশি, ওই তিনটি অ্যাকাউন্টে কোনও অবৈধ লেনদেন হয়েছে কি না, তা তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী পুলিশ তদন্ত সম্পন্ন করে সোমবার মামলার শুনানিতে আদালতে তদন্তের রিপোর্ট জমা দেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!