Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২১, ২০২৬

জল নামলেও, কমেনি দুর্ভোগ! মালদায় এখনো জলবন্দি বহু পরিবার, জেলাজুড়ে ভাঙনের আতঙ্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
জল নামলেও, কমেনি দুর্ভোগ! মালদায় এখনো জলবন্দি বহু পরিবার, জেলাজুড়ে ভাঙনের আতঙ্ক

সেপ্টেম্বরের শুরুতে বিহারের সাহেবগঞ্জ ও উত্তরপ্রদেশে অতিবৃষ্টির ফলে গঙ্গা ও ফুলহার নদীতে অস্বাভাবিক জলস্ফীতি ঘটে। ৩ সেপ্টেম্বর কেশরপুর-কালুটোনটোলায় রিং বাঁধের বড়ো অংশ গঙ্গার গ্রাসে চলে যাওয়ার পর থেকেই ভূতনির বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। পরে ভাঙনের পরিধি আরও বাড়ে। ফুলহার ও কোশি নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকায় শুরু হয় বন্যা পরিস্থিতি। প্রায় ৮০টি গ্রাম প্লাবিত, প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকা জলমগ্ন। জল বার করে দিতে দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে ফুলহারের দিকে জল বের করার ব্যবস্থা করা হয়।

মানিকচক, বিশেষ করে ভুতনি দিয়ারা দ্বীপ, রতুয়া-১ ও ২ ব্লক, হরিশচন্দ্রপুর, কালিয়াচক-২ ও ৩ এবং ইংরেজবাজার ব্লকের কিছু অংশ জলের তলায় চলে যায়। ১৬৫টিরও বেশি গ্রামের প্রায় ২.৫ লক্ষ মানুষ সরাসরি জলবন্দি হয়ে পড়েন। সরাসরি ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩৮,০০০ পরিবার। বিঘার পর বিঘা পাট এবং ধানের খেত তখন জলের তলায় চলে যায়। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। মালদার বন্যায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ভুতনির বাসিন্দা ৩২ বছর বয়সী দ্বিজেন মণ্ডল এবং ২২ বছর বয়সী পরিযায়ী শ্রমিক অনিকুল ইসলাম বন্যায় তলিয়ে যাওয়া পাট উদ্ধার করতে গিয়ে মারা যান। এছাড়া ৫ বছর বয়সী এক শিশু বন্যার জলে ডুবে প্রাণ হারায়।

ভারতীয় সেনা, এনডিআরএফ এবং এসডিআরএফ তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করে। এ পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বন্যা দুর্গতদের জন্য ১৯টি ফ্লাড সেন্টার বা ত্রাণ শিবির খোলা হয়েছে। স্বাস্থ্য দফতর থেকে ডায়রিয়া প্রতিরোধে ওআরএস, ব্লিচিং পাউডার এবং ওষুধ কিট বিলি করা হচ্ছে। স্কুল ভবন তলিয়ে যাওয়ায় বা ত্রাণ শিবির করায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার আপৎকালীন তহবিল থেকে মালদা জেলা প্রশাসনের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু রতুয়ার কাহালা সূর্যাপুর ঘাট থেকে লঞ্চে করে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেছেন এবং ত্রাণ বণ্টনের তদারকি করছেন।

এই মুহূর্তে জল কিছুটা নেমেছে। নদীর স্রোতও আগের মতো সর্বগ্রাসী নয়। কিন্তু মালদহের বন্যাবিধ্বস্ত মানুষের কাছে স্বস্তি এখনো অনেক দূরের। কোথাও বাড়ির উঠোন থেকে জল সরে গেলেও ঘরে ফেরার উপায় নেই। কোথাও আবার রাস্তা, বাঁধ, চাষের জমি, সবই জলের তলায়। তারই মধ্যে নদীর পাড়ে নতুন করে ফাটল দেখা দিলে ফের ঘরছাড়া হওয়ার আশঙ্কায় রাত কাটছে বহু পরিবারের।সবচেয়ে উদ্বেগের ছবি মানিকচকের ভূতনিতে। উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর এবং হীরানন্দপুর — এই তিন গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। গত কয়েক দিন ধরে গঙ্গা, ফুলহার এবং কোশীর জলস্তর কমার লক্ষণ দেখা গেলেও জমে থাকা জল দ্রুত নামছে না। ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রশাসনের তরফে পরিস্থিতির উন্নতির কথা বলা হলেও জলবন্দি এলাকার বাসিন্দাদের দুর্ভোগ অব্যাহত।

এদিকে, ভূতনির সমস্যা কেবল বন্যা নয়। একই সঙ্গে চলছে নদীভাঙন। গঙ্গার স্রোতে একের পর এক পাড় ভাঙছে। রতুয়ার পশ্চিম রতনপুর, সূর্যাপুর-সহ বিভিন্ন এলাকাতেও বন্যা ও ভাঙনের ছবি সামনে এসেছে। ২০ সেপ্টেম্বর রাজ্যের পাঁচ মন্ত্রী ও এক সাংসদ লঞ্চে করে ভূতনি ও রতুয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে মানিকচক ব্লক অফিসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। উদ্ধার, জল নিষ্কাশন, ত্রাণ এবং পরবর্তী পুনর্বাসন নিয়ে আলোচনা হয়। কিন্তু মন্ত্রীদের পরিদর্শনের দিনও অভিযোগ উঠেছে, কিছু জলবন্দি এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছচ্ছে না। ভূতনির শঙ্করটোলা গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রশাসনিক শিবির কাছেই থাকলেও তাঁদের কাছে নিয়মিত সাহায্য পৌঁছচ্ছে না।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যার জেরে জেলার ৮২টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ২১ সেপ্টেম্বর থেকেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে। ফলে বন্যার মধ্যেই পরীক্ষার্থীদের বন্যার জল পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলির পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণশিবিরে থাকা পড়ুয়াদেরও বিকল্প ভাবে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

মালদহের বিভিন্ন এলাকায় ত্রাণশিবির চালু রয়েছে। সেখানে রান্না করা খাবার, পানীয় জল ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু দীর্ঘদিন ত্রাণশিবিরে থাকা পরিবারগুলির কাছে খাবারের পাশাপাশি সবচেয়ে বড়ো প্রশ্ন, কবে তাঁরা নিজেদের বাড়িতে ফিরতে পারবেন? ভূতনির বহু পরিবার দিনের পর দিন বাড়ির দোতলা, ছাদ কিংবা অপেক্ষাকৃত উঁচু বাঁধে আশ্রয় নিয়ে রয়েছে। কোথাও ঘরের একতলা ডুবে রয়েছে, কোথাও বাড়ির চারপাশে এখনও জল। ফলে জল নামার পরেও ঘর পরিষ্কার করা, নষ্ট হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার, পানীয় জলের উৎস নিরাপদ করা — সব মিলিয়ে পুনরুদ্ধারের লড়াই দীর্ঘ হতে চলেছে। ফলে,পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। ভূতনির ক্ষেত্রে গঙ্গা, ফুলহার এবং কোশী — তিন নদীর জলপ্রবাহের প্রভাব রয়েছে। একটি নদীর জল কমলেও অন্য নদীর জল বাড়লে ফের নতুন করে বিপদ তৈরি হতে পারে।

মালদার বন্যা এ বারও নতুন করে প্রশ্ন তুলেছে স্থায়ী সমাধান নিয়ে। প্রতি বছর বর্ষায় বাঁধ মেরামত, নদীর পাড় বাঁচানো এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও নদীর গতিপথ ও ভাঙনের দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান হচ্ছে না। এ কারণেই রাজ্য সেচ দফতর কানপুর আইআইটির বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৬ সেপ্টেম্বর চার সদস্যের বিশেষজ্ঞ দলের ভূতনি ও কাটাহা-দিয়ারা পরিদর্শনের কথা রয়েছে। নদীর গতিপথ, ভাঙনের কারণ এবং জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা নিয়ে তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। অর্থাৎ আপাতত লক্ষ্য জল নামানো এবং মানুষকে নিরাপদে রাখা। কিন্তু তার পরের প্রশ্ন আরও কঠিন—যে বাড়িতে মানুষ ফিরবেন, সে বাড়িটি আগামী বর্ষায় আবার নদীগর্ভে চলে যাবে না তো?

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় মালদায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। ভারতীয় আবহাওয়া দফতরের মালদহ কেন্দ্রের হিসাবে ২১ সেপ্টেম্বর সাধারণত মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ ও ২৩ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে, ২১ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে তৈরি সুস্পষ্ট নিম্নচাপটি পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে মালদহে নদীর জল ইতিমধ্যে নামতে শুরু করলেও নতুন বৃষ্টির সম্ভাবনা পরিস্থিতিকে ফের জটিল করে তুলতে পারে। বিশেষত যেসব এলাকায় বাঁধ ভেঙেছে বা নদীর পাড় দুর্বল হয়ে রয়েছে, সেখানে নতুন করে জল বাড়লে বিপদ দ্রুত ফিরতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!