- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৪, ২০২৬
গভীর নিম্নচাপের জেরে ওড়িশায় বন্যা-পরিস্থিতি ! আশ্রয়কেন্দ্রে ৫ হাজার, লাল সতর্কতা একাধিক জেলায়
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবার রাতে স্থলভাগে ঢুকেছে। উত্তর অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের কাছে উপকূল অতিক্রম করেছে সেটি। তার প্রভাবে রাতভর বৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার সকালেও দক্ষিণ ওড়িশার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। কোথাও কোথাও জল ঢুকে পড়েছে বাড়িতে। নিচু এলাকা জলমগ্ন। কয়েকটি সেতুর উপর দিয়ে বইছে জল। বন্যাপরিস্থিতির আশঙ্কাও তৈরি হয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী কয়েক ঘণ্টা এর তীব্রতা বাড়ার সম্ভাবনা। তার পরে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমশ দুর্বল হবে। ফলে উপকূল অতিক্রম করলেও এখনই স্বস্তির সম্ভাবনা নেই। বরং আগামী দু-দিন ওড়িশার বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বুধবার রাত পর্যন্ত পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল গভীর নিম্নচাপটি।
গত ৬ ঘণ্টায় ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি। মধ্যরাতের কাছাকাছি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর অবস্থান করছিল। কলিঙ্গপত্তনমের প্রায় ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, বিশাখাপত্তনমের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ওড়িশার গোপালপুরের ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল নিম্নচাপের অবস্থান। এর পর বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যায় সেটি। কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে ঢোকে গভীর নিম্নচাপ। স্থলভাগে প্রবেশের সময় ঘণ্টায় প্রায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে, সঙ্গে তুমুল বর্ষন। এই মুহূর্তে উপকূল অতিক্রম করার পরেও তার প্রভাব পুরোপুরি কাটেনি। উপকূলীয় এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইছে। সমুদ্রও উত্তাল রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, স্থলভাগে ঢোকার পর আরও কয়েক ঘণ্টা উত্তর-পশ্চিম দিকে এগোবে গভীর নিম্নচাপটি। প্রায় আট থেকে ১২ ঘণ্টা তার তীব্রতায় বড়োসড়ো পরিবর্তন নাও হতে পারে। তার পরে উত্তর-উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ওড়িশায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি। কোরাপুট, গজপতি এবং গঞ্জামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। কোথাও কোথাও বিচ্ছিন্ন ভাবে অত্যন্ত ভারী বৃষ্টিও হচ্ছে। নবরংপুর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু-দিন দক্ষিণ, পশ্চিম এবং উত্তর ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই, ছ-টি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। আরও ন-টি জেলায় হলুদ সতর্কতা রয়েছে। কালাহান্ডি, নবরংপুর, কোরাপুট এবং মালকানগিরিতে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়েছে। স্থানীয় প্রশাসনকে জল জমা, আকস্মিক বন্যা এবং ধসের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
টানা বৃষ্টিতে জলমগ্নতার কারণে গজপতি জেলায় বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। গত তিন দিন ধরে সেখানে বৃষ্টি চলছে। এখনো পর্যন্ত বড়ো ধরনের ক্ষয়ক্ষতির খবর না এলেও, বিপদের আশঙ্কায় ২৬৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রায় ৫,০০০ মানুষকে ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাঁদের শুকনো রেশন এবং রান্না করা খাবার দেওয়া হচ্ছে। দক্ষিণ ওড়িশার মালকানগিরিতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। টানা বৃষ্টির জেরে কনকরকোন্ডা সেতুর উপর দিয়ে প্রায় তিন ফুট জল বইছে। কালিমেলা-পাড়িয়া সড়কের কন্যাশ্রম সেতুও জলের তলায় চলে গিয়েছে। পাঙ্গাম এবং পাটেরু-সহ আরও কয়েকটি সেতুর উপর দিয়ে জল বইতে দেখা গিয়েছে। এর ফলে ৩২৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। বহু জায়গায় রাস্তার উপর জল উঠে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।
দক্ষিণ ওড়িশায় টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। নিচু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি একাধিক সেতুর উপর দিয়ে জল বইছে। ফলে আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। মহানদী-সহ রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও নদীগুলির জলস্তর এবং বাঁধের পরিস্থিতির উপর নির্ভর করবে বন্যার প্রকৃত পরিস্থিতি। গঞ্জাম জেলার বেরহামপুরের কাছে কাশীনগর এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ফার্স্ট গেট সংলগ্ন এলাকায় জল ঢুকে পড়েছে একাধিক বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির জল বের করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। নিকাশি ব্যবস্থা জমে থাকা জল সরাতে পারেনি। জল বাড়িতে ঢুকে পড়ার পর ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। দুদুমা কলোনি বাসস্ট্যান্ডের কাছে রাস্তা অবরোধ করেন তাঁরা। বাসস্ট্যান্ডের সামনে বাস দাঁড় করিয়ে দেওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তাঁরা। জলমগ্নতার সমস্যা নিয়ে আলোচনার পর অবরোধ তুলে নেন স্থানীয়েরা। এর পরে ফের যান চলাচল শুরু হয়। প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে ওড়িশার বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে।
গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় পুরীতেও বাড়তি সতর্কতা জারি হয়েছে। দমকল বিভাগের সহকারী স্টেশন অফিসার অনন্ত প্রসাদ বিসওয়াল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পুরীকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী দু-দিন এই সতর্কতা কার্যকর থাকার কথা। পুরীতে সচেতনতা বাড়াতে ওড়িশা দমকল পরিষেবার তরফে ৯৮ জন লাইফগার্ড মোতায়েন করা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি বিপজ্জনক বলে জানিয়েছেন আধিকারিকেরা। গভীর নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং উঁচু ঢেউ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই পুরীর সমুদ্রসৈকতে লাল পতাকা তোলা হয়েছে। লাউডস্পিকারের মাধ্যমে পর্যটকদের বার বার সতর্ক করছেন লাইফগার্ডরা। পুরী প্রশাসনের তরফে আনুষ্ঠানিক ভাবে সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের আগামী দু-দিন সমুদ্রে না নামার অনুরোধ জানানো হয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশেও। বুধবার রাতে কলিঙ্গপত্তনমের কাছে উপকূল অতিক্রম করার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। বিজয়ওয়াড়ার বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়েছে। নাগাবলী এবং বংশধারা নদীতে বন্যার আশঙ্কাও রয়েছে। সে কারণে নদী অববাহিকা এলাকার ৫৩টি গ্রামে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিচু এবং বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলগুলি পরিস্থিতির উপর নজর রাখছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু পরিস্থিতি পর্যালোচনা করেছেন। জেলা প্রশাসন এবং আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে আকস্মিক বন্যা বা অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে এমন এলাকার বাসিন্দাদের দ্রুত সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজয়নগরম ও শ্রীকাকুলাম জেলাতেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় স্তরে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় তেলঙ্গানা সরকার শুক্রবার ছুটি ঘোষণা করেছে। হায়দরাবাদ, সেকেন্দ্রাবাদ, রঙ্গা রেড্ডি এবং মেডচাল-মালকাজগিরি এলাকায় সরকারি দফতর, স্কুল এবং কলেজ বন্ধ থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসন ও আইএমডির নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।
❤ Support Us







