Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১, ২০২৬

তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে হকি ফাইনালে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে হকি ফাইনালে ভারত

হকি ইতিহাসে ভারত–পাকিস্তান ম্যাচের উত্তেজনা একসময় অন্য মাত্রায় পৌঁছে যেত। এই ম্যাচটাই টুর্নামেন্টের গুরুত্ব নির্ধারণ করত। কিন্তু এখন আর সেই দিন নেই। গত ১০ বছরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপরাজিত। ২১টি ম্যাচের মধ্যে ১৯টিতে জয়, মাত্র দুটি ড্র। ইদানিং তো গোলের বন্যায় ভাসিয়ে দিচ্ছিল। এশিয়ান গেমসের সেমিফাইনালে অবশ্য জিততে যথেষ্ট বেগ পেতে হল ভারতকে। অভিষেকের শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত। ম্যাচের ফল ৪–৩। প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন পাকিস্তানের। ৫৯ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল ৩–৩। ম্যাচ শেষ হওয়ার ৪৯ সেকেন্ড আগে গোল করে ভারতকে ফাইনালে তোলেন অভিষেক।

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের ওপর চাপ তৈরি করে ভারত। চার–পাঁচটি সুযোগ তৈরি করেও তিনকাঠিতে বল ঢোকাতে পারেনি। ৫ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত। এরপর দিলপ্রীতের একটা গোল বাতিল করেন আম্পায়ার। ১৩ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টারের ২৩ মিনিটের মাথায় সুখজিৎ সিং একটি ফিল্ড গোল করে স্কোর ৩–০ করেন। বিরতির ঠিক আগে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান পাকিস্তানের আবু মাহমুদ।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান। ৩৮ মিনিটে পাকিস্তানের আহমেদ বাট হলুদ কার্ড দেখেন। ৪৩ মিনিটে ভারতের দিলপ্রীত সিংকে সবুজ কার্ড দেখানো হয়। তৃতীয় কোয়ার্টারে ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে পাকিস্তান। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ৪৫ মিনিটে হানান শহীদ একটা ফিল্ড গোল করেন ব্যবধান ৩–২ করেন। ৪৯ মিনিটে ওয়াহিদ রানা গোল করে সমতা ফেরান।

তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ম্যাচ উত্তেজনাপূর্ণ পর্যায়ে নিয়ে যায় পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারের শেষদিকে ভারতীয় দলকে যথেষ্ট চাপের মধ্যে পড়তে দেখা যায়। ম্যাচ যখন নিশ্চিত শুট–আউটের দিকে এগোচ্ছিল, তখনই ঝলসে ওঠে অভিষেকের স্টিক। ম্যাচ শেষ হওয়ার আগে গোল করে ভারতকে দুর্দান্ত জয় এনে দেন অভিষেক। একই সঙ্গে সোনা জয়ের দিকে এগিয়ে গেল ভারত। সোনা জিতলে ২০২৮ সালের অলিম্পিকের টিকিটও নিশ্চিত করবেন হরমনপ্রীতরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!