Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২, ২০২৬

গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন নরেন্দ্র মোদি-দ্রৌপদী মুর্মু-রাহুলের, সত্য-অহিংসার আদর্শ স্মরণ, স্বদেশী পণ্যে জোর প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন নরেন্দ্র মোদি-দ্রৌপদী মুর্মু-রাহুলের, সত্য-অহিংসার আদর্শ স্মরণ, স্বদেশী পণ্যে জোর প্রধানমন্ত্রীর

আজ, শুক্রবার ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী। গান্ধী জয়ন্তী উপলক্ষে সকালেই দিল্লির রাজঘাটে পৌঁছে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সর্বধর্ম প্রার্থনা সভাতেও অংশ নেন তিনি।  শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়লা সহ অনেকে।

রাজঘাটে শ্রদ্ধা জানানোর পর সমাজমাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। হিন্দি পোস্টে মোদি লেখেন, ‘পূজ্য বাপুর সমগ্র জীবন সত্য, অহিংসা, করুণা ও সেবার আলোকবর্তিকা, যা প্রতিটি যুগে মানবতার পথ প্রশস্ত করে চলেছে।’ পোস্টের সঙ্গে করুণা, বিনয় ও সমভাবের বার্তা বহনকারী শ্লোকও তুলে ধরেন তিনি। ইংরেজিতে দেওয়া পৃথক এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘বাপুর কালজয়ী বার্তা যেন একটি উন্নত সমাজ এবং বিকশিত ভারত-এর পথে দেশকে পথ দেখিয়ে যায়।’

গান্ধী জয়ন্তী উপলক্ষে মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ নিয়ে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তাঁর বক্তব্য, মহাত্মা গান্ধীর আদর্শ সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র থেকে দূরে থেকেও মহাত্মা গান্ধী আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় গান্ধীর ‘স্বদেশী’ ভাবনার কথাও স্মরণ করেন মোদি। তাঁর বক্তব্যে উঠে আসে খাদির প্রসঙ্গ। গান্ধীর স্বদেশী ভাবনাকে সম্মান জানাতে ২ অক্টোবর অন্তত একটি খাদি পণ্য কেনার জন্য দেশবাসীর কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী। নিজেদের দৈনন্দিন জীবনে দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে স্বদেশীর ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান রাহুল গান্ধীও। সমাজমাধ্যমে দেওয়া বার্তায় তিনি গান্ধীর সত্য, অহিংসা ও নির্ভীকতার আদর্শকে তাঁর অন্যতম শ্রেষ্ঠ উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেন। রাহুলের বক্তব্য, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং সত্য ও অহিংসার পথে অবিচল থাকাই প্রকৃত শক্তির পরিচয়। ২ অক্টোবর শুধু মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। তাঁর জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। মোদি শাস্ত্রীর সরলতা, নিষ্ঠা ও দেশসেবার কথা স্মরণ করেন। ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগানের মাধ্যমে দেশের কৃষক ও সেনাদের অনুপ্রাণিত করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা, সেবা এবং মহাত্মা গান্ধীর আদর্শকে কেন্দ্র করে নানা কর্মসূচিও পালিত হচ্ছে। ২ অক্টোবর দিনটি ভারতজুড়ে গান্ধী জয়ন্তী হিসেবে পালনের পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের ঘোষণায় ‘আন্তর্জাতিক অহিংসা দিবস’ হিসেবেও পালিত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!