- দে । শ
- অক্টোবর ৬, ২০২৬
কালনার স্কুলে ছাত্র ভর্তির টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের আশ্বাস বিধায়কের
বছরের পর বছর ধরে পড়ুয়াদের ভর্তির টাকা হজম। স্কুল চত্বরে স্টেডিয়াম তৈরির জন্য পুকুর বুজিয়ে বিপুল টাকা আত্মসাৎ। সবমিলিয়ে ৭০ লাখ টাকার কাছাকাছি টাকার কোনও হদিশ মিলছে না। এমনই অভিযোগ উঠছে কালনার হাটগাছা হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার ওই স্কুল পরিদর্শনে গেলে এই বিষয়টি তাঁর নজরে এনে বিহিত চাইলেন স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অভিজিৎ দেয়াশি, সহশিক্ষক অসীম দাসরা। বিধায়ক বলেন, ‘অভিযোগপত্রটা দিতে বলেছি। ওটা পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ যোগ করেন, ‘সেইসময় স্কুলের প্রধানশিক্ষক ও সেক্রেটারি মিলে প্রায় ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এসেছে। এফআইআর হলেও কোনও ব্যবস্থা হয়নি। এবার হবে।’
স্কুলের বর্তমান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল, ২০২৪ সালের পয়লা এপ্রিল স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের দায়িত্ব গ্রহণের পর নথিপত্র ঘাঁটতে গিয়ে অভিজিৎবাবুর নজরে হিসেবের ব্যাপক গরমিল নজরে আসে। তার মধ্যে সবথেকে উল্লেখ্য হল, ২০০২ সাল থেকে ২০২৪-র প্রথম তিন মাস পর্যন্ত ছাত্র ভর্তির জন্য যে টাকা উঠেছে, তার একটা কানাকড়িও ব্যাঙ্কে জমা পড়েনি। সেই টাকার পরিমাণ ৫০ লক্ষের উপর। এছাড়া স্কুল লাগোয়া মাঠে মিনি স্টেডিয়াম তৈরির জন্য প্রথম ধাপে ১০ লক্ষ টাকা মঞ্জুর হয়। সেজন্য স্কুলের পুকুরটি বুজিয়ে ফেলা হয়। কয়েকটি মাত্র ইট গাঁথা হয়েছে। সেইসময় কালনা থানা অভিযোগ নিতে না চাইলে হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎবাবু। হাইকোর্টের নির্দেশে থানা এফআইআর নেয়।
এই টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দেন বিধায়ক। সেইসঙ্গে বিধায়কের কাছে স্কুলটিকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করা, অতিরিক্ত শ্রেণিকক্ষ তৈরি-সহ পরিকাঠামো উন্নয়নের কয়েকটি দাবি জানানো হয়েছে। দাবিগুলি বিবেচনার আশ্বাস দেন বিধায়ক।
❤ Support Us








