Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৮, ২০২৬

‘এসআইআর’ আন্দোলনে যোগ দিতে দিল্লির পথে মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
‘এসআইআর’ আন্দোলনে যোগ দিতে দিল্লির পথে মমতা

বৃহস্পতিবার দিল্লির উদ্দেশে রওনা হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে ‘ইন্ডি’ জোটের প্রতিনিধি হিসেবেও অংশ নিতে দিল্লি গিয়েছেন তিনি। আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে বিরোধীদের মেগা সমাবেশেও মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন বলে খবর।

দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ নিয়ে ফের সরব হন মমতা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে ৫৪ লক্ষ নয়, ৯২ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। একইসঙ্গে সারা দেশে নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তোলেন তিনি। মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে ৫৪ লক্ষ নয়, ৯২ লক্ষ নাম বাদ গিয়েছে। সারা ভারতের ক্ষেত্রে আমরা কী দেখেছি, প্রতারণার সঙ্গে নির্বাচন করা হয়েছে। প্রতারণা করা হয়েছে দেশের মানুষের সঙ্গে। মানুষকে ভোট দিতে দেয়নি। ভোটের অধিকার কেড়ে নিয়েছে।’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এসআইআর’ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, ‘এসআইআর’ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনের পর। ওই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে বিরোধী দলগুলি। জাতীয় স্তরের সেই আন্দোলনেই এবার সরাসরি সামিল হচ্ছেন মমতা। গত ৩ দিন ধরে দিল্লির রাজপথে কংগ্রেস নেতৃত্ব-সহ একাধিক বিরোধী দলের নেতা-কর্মীরা লাগাতার আন্দোলন করছেন। পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ করার অভিযোগে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নামেও ইতিমধ্যে এফআইআর হয়েছে। দিল্লিতে বিরোধীদের আন্দোলন দমন করার অভিযোগ তুলে এদিন কড়া ভাষায় কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান মমতা। তিনি বলেন, ‘দিল্লি জুড়ে তো অত্যাচার চলছে। আন্দোলনকারীরা যেখানে বাধা পাবেন, সেখানেই বসে যাবেন। পুলিশ যত অত্যাচার করবে, তত গর্জন বাড়বে। তত প্রতিবাদের ভাষা বাড়বে। কোনও আন্দোলনকারীর প্রতিবাদের ভাষা এ ভাবে বন্ধ করে দেওয়া যায় না।’

এদিকে, বৃহস্পতিবার সকালে পূর্ব যাদবপুর থানা এলাকার আইনজীবী এবং সিপিএমের প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনা নিয়েও নিন্দা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার বক্তব্য, ‘আমি বিকাশবাবুর সঙ্গে কথা বলেছি। উনি শুধু প্রবীণ আইনজীবী নন, উনি একজন সিপিএমের রাজ্যসভার প্রাক্তন সাংসদও। একইসঙ্গে প্রাক্তন মেয়রও। আমি ব্যক্তিগত ভাবে তাঁকে ফোন করে নিন্দা জানিয়েছি। আমি দিল্লি থেকে ফিরে তাঁর বাড়িতে যাব। আমার সঙ্গে সবিস্তারে কথা হয়েছে।’ ‘এসআইআর’-কে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে যখন বিরোধীদের আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে, সেই আবহেই মমতার দিল্লি সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি থেকে শুরু করে ভোটাধিকার রক্ষার প্রশ্ন—বিরোধী শিবিরের এই আন্দোলনে মমতার সক্রিয় অংশগ্রহণ আগামী দিনে রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!