Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৪, ২০২৬

কালীপুজোর পরেই রাজ্যে ৭ হাজারের বেশি স্থায়ী পদে নিয়োগ ! নিউ টাউনে তৈরি হবে নতুন পঞ্চায়েত ভবন

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীপুজোর পরেই রাজ্যে ৭ হাজারের বেশি স্থায়ী পদে নিয়োগ ! নিউ টাউনে তৈরি হবে নতুন পঞ্চায়েত ভবন

রাজ্যে কর্মসংস্থান ও শিল্পায়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে নতুন সরকার। চলতি বছরের বাজেটেই এক লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছিল। পুজোর আগে কলকাতা পুলিশে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর এবার পুজো মিটতেই আরও বড়ো নিয়োগের উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে মোট ৭,২০০টি স্থায়ী শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ১,০০০টি চুক্তিভিত্তিক পদেও কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

বুধবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভিবি-জি রামজি প্রকল্পের মাধ্যমে ১২৫ দিনের কাজের লক্ষ্যমাত্রা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থানে আরও গতি আনা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পঞ্চায়েত দপ্তরের অধীনে ইতিমধ্যেই প্রায় ১২ হাজার কোটি টাকার কাজ হয়েছে। এর মধ্যে সাড়ে ৮ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হচ্ছে। বর্তমানে ভিবি-জি রামজি প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ২২ লক্ষ মানুষ কাজ করছেন।

এ দিনের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ টাউনে একটি পূর্ণাঙ্গ নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। এই ভবন তৈরির জন্য রাজ্যের তরফে ৫ একর জমি দেওয়া হবে। নতুন এই ভবনের মাধ্যমে পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, পঞ্চায়েত দপ্তরে ৭,২০০টি স্থায়ী পদে নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইঞ্জিনিয়ার-সহ একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে পাবলিক সার্ভিস কমিশন (PSC)। পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো এবং প্রশাসনিক পরিকাঠামো আরও শক্তিশালী করতেই এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব মিলিয়ে পুজোর পর রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। ৭,২০০টি স্থায়ী পদ এবং প্রায় ১,০০০টি চুক্তিভিত্তিক পদে নিয়োগের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বহু চাকরিপ্রার্থী উপকৃত হতে পারেন। তবে নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি, যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের সময়সীমা সম্পর্কে সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!