- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৪, ২০২৬
এসআইআরে বাদ পড়েছে নাম, কীভাবে মেটাবেন সমস্যা? নয়া ঘোষণা নির্বাচন কমিশনের
ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও আর চিন্তার কোনো কারণ নেই। নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা এবার ‘ফর্ম ৬’ পূরণ করে আবেদন জানাতে পারবেন। এমনকী, এর আগে ভোটার তালিকায় নাম নথিভুক্ত থাকলেও এই ফর্মের মাধ্যমে আবেদন করতে কোনো বাধা নেই। এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
গত ৩ নভেম্বর দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো একটি চিঠিতে কমিশন এ বিষয়টি স্পষ্ট করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও খসড়া তালিকায় নাম বাদ পড়লে ফর্ম ৬ জমা দেওয়াকে কোনোভাবেই মিথ্যা ঘোষণা হিসেবে গণ্য করা হবে না। পাশাপাশি, এই কারণে ‘রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ১৯৫০’-এর ৩১ নম্বর ধারা অনুযায়ী সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপও করা হবে না।
আসলে, ফর্ম ৬-এ একটি নির্দিষ্ট ঘোষণা করতে হয়। সেখানে আবেদনকারীকে জানাতে হয় যে, তিনি প্রথমবারের মতো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করছেন। ফলে যাঁদের নাম আগের ভোটার তালিকায় ছিল, অথচ ‘এসআইআর’-এর পর প্রকাশিত খসড়া তালিকায় নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে আইনি জটিলতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তাঁদের ধারণা ছিল, আগে ভোটার হিসেবে নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও ফর্ম ৬ জমা দিলে সেই ঘোষণা মিথ্যা বলে বিবেচিত হতে পারে। এর জেরে আইনি সমস্যায় পড়ার আশঙ্কাও করছিলেন অনেকে।
নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশে সেই সংশয় অনেকটাই দূর হলো। কমিশন স্পষ্ট করে দিয়েছে, এই পরিস্থিতিতে ফর্ম ৬ জমা দেওয়া কোনো অপরাধ বা মিথ্যা ঘোষণা নয়। ফলে যাঁদের নাম পুরনো ভোটার তালিকায় থাকা সত্ত্বেও খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা নির্ভয়ে নতুন করে নাম অন্তর্ভুক্তির আবেদন জানাতে পারবেন। উল্লেখ্য, গত ৫ অক্টোবর ফর্ম ৬ সংক্রান্ত বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছিল, ফর্ম ৬-এর কোনও পরিবর্তনে তারা অনুমোদন দেয়নি। পাশাপাশি, ওই ফর্মে পরিবর্তনের অনুমোদন ঠিক কারা দিয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছিল আদালত।
অন্যদিকে, ‘এসআইআর’ প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও অব্যাহত। রাস্তায় নেমে সরব হয়েছে বিরোধী দলগুলি। রবিবার দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে সভা করে বিজেপি বিরোধী ‘ইন্ডি’ জোট। সেখানে ‘এসআইআর’-সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বিরোধীদের এই অবস্থানের পাল্টা জবাব দিতে পথে নেমেছে বিজেপিও। বিরোধীদের অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে আক্রমণ করে দেশের বিভিন্ন শহরে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির। সে কর্মসূচির অংশ হিসেবেই কলকাতাতেও মেগা র্যালির আয়োজন করেছিল বিজেপি।
❤ Support Us






