Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১১, ২০২৬

দাবায় মাইলস্টোন ভারতের, দেশের ১০০তম গ্র‌্যান্ডমাস্টার হলেন অনুজ শ্রীবাস্তব

আরম্ভ ওয়েব ডেস্ক
দাবায় মাইলস্টোন ভারতের, দেশের ১০০তম গ্র‌্যান্ডমাস্টার হলেন অনুজ শ্রীবাস্তব

১০০তম গ্র্যান্ডমাস্টার ‌পেয়ে গেল ভারত। ফিলিপিন্সে অনুষ্ঠিত সপ্তম আসিয়ান প্লাস ব্যক্তিগত ওপেন দাবা চ্যাম্পিয়নশিপ জিতে মধ্যপ্রদেশের মাস্টার অনুজ শ্রীবাস্তব দেশের ১০০তম গ্র‌্যান্ডমাস্টারের স্বীকৃতি পেলেন। ২২ বছর বয়সী অনুজ ফিলিপিন্সের মিসামিস অক্সিডেন্টালের অ্যাসেনসো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৮ পয়েন্টের মধ্যে ৭ পয়েন্ট অর্জন করেন। প্রতিযোগিতার প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতে নেন অনুজ। তিনিই মধ্যপ্রদেশের প্রথম গ্র‌্যান্ডমাস্টার।

কিংবদন্তী দাবাড়ু বিশ্বনাথন আনন্দ দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। তিনি ১৯৮৭ সালে তাঁর তৃতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেন এবং ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে গ্র‌্যান্ডমাস্টার হন। অনুজ শ্রীবাস্তব গ্র্যান্ডমাস্টার স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে দাবার জগতে ভারত একটা নতুন মাইলফলকে পৌঁছেছে। গত পাঁচ মাসে ৫ জন নতুন গ্র্যান্ডমাস্টার পেল ভারত। ২০২৬ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভারত ৯৬তম গ্র্যান্ডমাস্টার থেকে ১০০তম গ্র্যান্ডমাস্টারে উন্নীত হল। অনুজ শ্রীবাস্তবের আগে ইথান ভাজ, হর্ষবর্ধন জিবি, এস অশ্বত এবং ভি রত্নাভেলকে গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এইভাবে, অনুজ ভারতের ১০০তম গ্র্যান্ডমাস্টার হয়ে দেশের দাবা ইতিহাসে নিজের নাম খোদাই করলেন।

ভারতীয় দাবা কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ ১৯৮৮ সালে দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হন। তাঁর পর থেকে ভারতীয় দাবার ক্রমাগত উন্নতি হয়েছে এবং এখন দেশে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ১০০-তে পৌঁছেল। ভারতীয় দাবার জন্য এই সাফল্য আরও মহিমান্বিত হয়েছে। কারণ ডি গুকেশই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। গুকেশ এই মাসে তাঁর বিশ্ব খেতাব রক্ষা করবেন। ১০০তম গ্র্যান্ডমাস্টার খেতাবে পৌঁছনোটা ভারতীয় দাবার ক্রমবর্ধমান আধিপত্যকেই প্রতিফলিত করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক অর্জনের জন্য অনুজ শ্রীবাস্তবকে অভিনন্দন জানিয়েছেন এবং এটাকে ভারতীয় দাবার জন্য এক গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘‌এক্স’‌-এ এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘‌ভারত দাবায় শতক অর্জন করেছে। এটা নিজেই একটা অসাধারণ কৃতিত্ব। তিনি বলেন, দেশে ১০০ জন গ্র্যান্ডমাস্টার থাকাটা খেলোয়াড়দের অপরিসীম প্রতিভা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রতিফলন। এটা তরুণদের মধ্যে দাবার ক্রমবর্ধমান জনপ্রিয়তারও একটা প্রমাণ।’‌ মোদী আশা প্রকাশ করেন যে, অনুজের এই সাফল্য  দেশের আরও তরুণদের দাবা খেলতে এবং এই খেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে অনুপ্রাণিত করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!