- দে । শ
- নভেম্বর ১৩, ২০২৬
পুরুষ ডাক্তারের চিকিৎসায় তালিবানি ফতোয়া,স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত আফগান মহিলারা
তালিবান শাসনকালে আফগানিস্তানে মহিলাদের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ক্ষমতায় আসার পরপরই তো নানা বিধিনিষেধ আরোপ করেছিল। এখন আবার কোনও ঘোষণা ছাড়াই এক ফরমান জারি করে পুরুষ ডাক্তারদের মহিলা রোগীদের চিকিৎসা করা নিষিদ্ধ করেছে। আর এই অঘোষিত বিধিনিষেধের কারণে মহিলাদের ন্যূনতম স্বাস্থ্যসেবা পাওয়াও কঠিন হয়ে পড়েছে। ‘দ্য গার্ডিয়ান’ এবং ‘জন টাইমসের’ এক যৌথ প্রতিবেদনে পুরুষ ডাক্তার ও দন্ত চিকিৎসকদের মহিলা রোগীদের চিকিৎসা করার ওপর নিষেধাজ্ঞার কথা তুলে ধরা হয়েছে।
বিধিনিষেধের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মে মাসে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের কর্তৃপক্ষ সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে মহিলা রোগীদের আসল নামে সম্বোধন না করার নির্দেশ দিয়েছে। এমনকি প্রেসকিপশনেও মহিলাদের নামের পরিবর্তে ‘বিবি’ শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তালিবান নিরাপত্তা বাহিনী ক্লিনিকগুলিতে অভিযান চালাচ্ছে। পুরুষ ডাক্তারদের সতর্ক করা হয়েছে যে, ক্লিনিকে মহিলা রোগী পেলে তাঁদের জেলে পাঠানো হবে। একজন শল্যচিকিৎসক বলেছেন, তাঁকে পুরুষ অভিভাবক ছাড়া মহিলা রোগীদের চিকিৎসা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তালিবানের যোগাযোগ মন্ত্রী হামদুল্লাহ নোমানি দাবি করেছিলেন যে, পুরুষ ডাক্তাররা চিকিৎসা সেবা দেওয়ার সময় একজন ‘মাহরাম’ (পর্দাধারী) সঙ্গে থাকবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি ঠিক তার উল্টো। পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের এক ডেন্টাল ক্লিনিকে সহকারী হিসেবে কর্মরত নার্গিস নামে এক মহিলা বলেন, কিছু ডাক্তার চিকিৎসার সময় বাইরে একজন প্রহরী রাখেন। তাঁর ডাক্তার প্রায়ই ঠাট্টা করে বলেন যে, তাঁর ক্লিনিকে একটা ‘চাদরি’ (আফগান বোরকা) রাখা উচিত, যাতে তালিবান কর্মকর্তারা এলে তিনি সেটি পরে ধরা পড়া এড়াতে পারেন।
মহিলা ডাক্তারের সংকট এবং তালিবানের দ্বৈত নীতির কারণে ২০২৪ সালের ডিসেম্বর থেকে মহিলা ডাক্তারের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। যার কারণ হল চিকিৎসা প্রতিষ্ঠানে মেয়েদের পড়াশোনা এবং হাসপাতালে মহিলা কর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা। এমনকি যে অল্প কয়েকজন মহিলা ডাক্তার কাজ করছেন, তাঁদেরও সঙ্গে একজন মাহরাম রাখা বাধ্যতামূলক। একজন রোগী জানিয়েছেন যে, বাবার সঙ্গে ক্লিনিকে যাওয়া সত্ত্বেও তাঁকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে, কারণ পুরুষ ডাক্তাররা মহিলা রোগীকে স্পর্শ করতে রাজি হননি।
বর্তমানে আফগান মহিলাদের সামনে মাত্র তিনটি পথ খোলা আছে, হয় তারা নিজেদের ও চিকিৎসকের জীবন বিপন্ন করে গোপনে চিকিৎসা গ্রহণ করতে হবে, অথবা অপ্রশিক্ষিত মহিলা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে চিকিৎসা নেন, কিংবা নিজেদের রোগ নিয়ে শ্বাসরুদ্ধকর জীবনযাপন করতে হবে।
❤ Support Us





