Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৪, ২০২৬

৪ কোটি আলোয় গম্বুজ জুড়ে নক্ষত্রলোক ! মহীশূরে দেশের প্রথম ‘৮কে প্ল্যানেটেরিয়ামে’র উদ্বোধন প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
৪ কোটি আলোয় গম্বুজ জুড়ে নক্ষত্রলোক ! মহীশূরে দেশের প্রথম ‘৮কে প্ল্যানেটেরিয়ামে’র উদ্বোধন প্রধানমন্ত্রীর

মহাকাশের অসীম বিস্তার এ বার আরও স্পষ্ট, আরও জীবন্ত হয়ে ধরা দেবে চোখের সামনে। দেশের প্রথম ‘৮কে রেজ়োলিউশনের এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকের মহীশূরে তৈরি হওয়া এই অত্যাধুনিক মহাকাশ প্রদর্শন কেন্দ্রের নাম ‘কসমস-মহীশূর’। ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স’ (আইআইএ) এবং  মহীশূর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এ প্ল্যানেটেরিয়াম। শুধু মহাকাশের প্রদর্শনী দেখানোই নয়, জ্যোতির্বিজ্ঞান চর্চা, গবেষণা, বিজ্ঞানশিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এ কেন্দ্র।

বর্তমানে প্রচলিত প্ল্যানেটেরিয়ামগুলিতে সাধারণত শক্তিশালী প্রোজেক্টরের সাহায্যে গম্বুজের ভিতরের দিকে নক্ষত্র, গ্রহ, ছায়াপথের ছবি ফুটিয়ে তোলা হয়। কিন্তু  মহীশূরের নতুন প্ল্যানেটেরিয়ামে সে প্রযুক্তির বদলে ব্যবহার করা হয়েছে ‘এলইডি ডোম’ ব্যবস্থা। গম্বুজের গায়ে বসানো হয়েছে হাজার হাজার এলইডি প্যানেল। অর্থাৎ, বাইরের কোনো প্রোজেক্টরের সাহায্য ছাড়াই সরাসরি ওই প্যানেলগুলিতে ছবি তৈরি হবে। অনেকটা বিশাল বাঁকানো টেলিভিশনের পর্দার মতো কাজ করবে গোটা গম্বুজটি। প্রতিটি এলইডিকে আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। ফলে মহাকাশের ছবি হবে আরও উজ্জ্বল, স্পষ্ট আর নিখুঁত। বিশেষ করে দূরবর্তী নক্ষত্র, গ্রহ কিংবা ছায়াপথের সূক্ষ্ম বিবরণও দর্শকের চোখ এড়াবে না।  

প্ল্যানেটেরিয়ামটির গম্বুজের ব্যাস ১৫ মিটার। সেটি ১৫ ডিগ্রি কোণে হেলানো। একসঙ্গে প্রায় ১৬০ জন দর্শক বসে প্রদর্শনী দেখতে পারবেন। গোটা ব্যবস্থায় রয়েছে প্রায় ৬১৫০টি এলইডি প্যানেল। সেগুলিতে মোট পিক্সেলের সংখ্যা প্রায় ৪ কোটি ২৭ লক্ষ। প্রদর্শন ব্যবস্থার রেজ়োলিউশন প্রায় ৪২ মেগাপিক্সেল, যা প্রচলিত ৮কে রেজ়োলিউশনের মানদণ্ডকেও ছাপিয়ে যায়। ফলে গম্বুজের বাঁকানো পৃষ্ঠ জুড়ে নির্বিঘ্নে উচ্চমানের ছবি দেখানো সম্ভব হবে। এ প্রযুক্তির আরও একটি বিশেষত্ব, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে পাওয়া মহাকাশের তথ্যের ভিত্তিতেও সরাসরি দৃশ্যায়ন করা যাবে। অর্থাৎ, শুধু আগে থেকে তৈরি অনুষ্ঠান দেখানো নয়, মহাকাশ পর্যবেক্ষণ, গবেষণার তথ্যকে দর্শকের সামনে তুলে ধরার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এ ব্যবস্থা।

‘কসমস- মহীশূর’-কে নিছক বিনোদনের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে না ‘আইআইএ’। বরং স্কুলপড়ুয়া থেকে শুরু করে গবেষক, শিক্ষক, সাধারণ মানুষের মধ্যে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আগ্রহ তৈরি করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। সে উদ্দেশ্যে প্ল্যানেটেরিয়ামের উদ্বোধনের আগেই গত তিন বছর ধরে মহীশূর শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকায় একাধিক সচেতনতামূলক কর্মসূচি চালিয়েছে সংস্থাটি। ‘আইআইএ’-র উদ্যোগে আয়োজিত হয়েছে ১৫০টিরও বেশি অনুষ্ঠান। তাতে অংশ নিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। শহর ও গ্রামের স্কুলে বিজ্ঞানবিষয়ক কর্মসূচি, পড়ুয়া ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ, জনসাধারণের জন্য বক্তৃতা, প্রযুক্তিগত আলোচনা, অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছিল। ইংরেজি ও কন্নড় — দু–টি ভাষাতেই চলেছে কর্মসূচি। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে জ্যোতির্বিজ্ঞান শিক্ষার পরিকাঠামো। রেডিয়ো অনুষ্ঠানের মাধ্যমেও পৌঁছে যাওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে। কন্নড় ও ইংরেজি ভাষায় সম্প্রচারিত হয়েছে ৬০টিরও বেশি পর্ব।  

প্রাথমিক ভাবে প্ল্যানেটেরিয়ামে দেখানো হবে ১২ মিনিটের একটি বিশেষ পরিচিতিমূলক অনুষ্ঠান। নাম ‘আওয়ার হোম, আওয়ার কসমস।  মহীশূরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিজ্ঞানচর্চা ও জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে শহরটির ঐতিহাসিক যোগসূত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। ইংরেজি, কন্নড় ও হিন্দি — তিনটি ভাষায় তৈরি হয়েছে সেটি। এর পর দেখানো হবে আরও দু–টি অনুষ্ঠান—‘কসমস ওডিসি’ এবং ‘ভয়েজার’। প্রথমটিতে প্রাচীন যুগে মহাবিশ্ব সম্পর্কে মানুষের ধারণা থেকে আধুনিক মানমন্দিরের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ — জ্যোতির্বিজ্ঞানের বিবর্তনের কাহিনি তুলে ধরা হবে। অন্যদিকে, ‘ভয়েজার’-এ থাকবে ১৯৭৭ সালে মহাকাশে পাঠানো নাসার দুই মহাকাশযানের অভিযানের বিবরণ। বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এবং তাদের উপগ্রহগুলির অনুসন্ধানে পাঠানো হয়েছিল ওই দুই মহাকাশযান। সেই দীর্ঘ অভিযানের নানা দিকই তুলে ধরা হবে প্রদর্শনীতে।

এ ছাড়াও প্ল্যানেটেরিয়ামে থাকছে দু–টি প্রদর্শনী কক্ষ, জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন মডেল নিয়ে সংগ্রহশালা এবং আইআইএ-র বিভিন্ন মানমন্দিরের ঐতিহাসিক সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা। তৈরি করা হবে ১৫০ জনেরও বেশি দর্শকের বসার উপযোগী বক্তৃতা কক্ষ এবং প্রশিক্ষণ কেন্দ্র। হাতে-কলমে মহাকাশবিজ্ঞানের তথ্য বিশ্লেষণের জন্য থাকবে কম্পিউটার গবেষণাগার। রেডিয়ো অনুষ্ঠান ও ‘পডকাস্ট’ তৈরির জন্য তৈরি হবে বিশেষ রেকর্ডিং কক্ষ। প্ল্যানেটেরিয়ামের বাইরের প্রদর্শনী এলাকাতেও থাকছে নানা আকর্ষণ। সেখানে রাখা হবে ইসরোর বিভিন্ন প্রদর্শনী এবং জয়পুরের যন্তরমন্তরের আদলে তৈরি জ্যোতির্বিজ্ঞানের মডেল। বিজ্ঞানবিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করা হবে একটি মুক্তমঞ্চ বা অ্যাম্ফিথিয়েটার।

তবে, শুধু মহাকাশবিজ্ঞান নয়, ভূতত্ত্ব, আবহবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানের মতো বিষয়েও পাঠদানের কাজে ব্যবহার করা হবে এই ‘এলইডি ডোম’। দৃশ্যায়নের মাধ্যমে জটিল বৈজ্ঞানিক বিষয়গুলি সহজে বোঝানোর পরিকল্পনা রয়েছে। স্কুলপড়ুয়াদের জন্য বিশেষ কর্মসূচি, শিক্ষকদের প্রশিক্ষণ, বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়ার উদ্যোগ, জনসাধারণের জন্য বক্তৃতা এবং প্রদর্শনীর আয়োজন করা হবে। সূর্য পর্যবেক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে রাতের আকাশ দেখার সুযোগও পাবেন উৎসাহীরা। বিশেষ ভাবে উপকৃত হবে  মহীশূরে ও সংলগ্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি। গ্রামীণ স্কুলগুলির পড়ুয়াদের জন্য কন্নড় ভাষায় বিজ্ঞানশিক্ষা, প্রশিক্ষণ ও শিক্ষক-সহায়তা কর্মসূচির উপরেও জোর দেওয়া হবে।

এ প্রকল্পের জন্য আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতর, পরমাণু শক্তি দফতর, প্রধানমন্ত্রীর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার দফতর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাংসদ তহবিল। ২০২২ সালে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নির্মলা। প্রধানমন্ত্রীর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল ‘আইআইএ’।  মহীশূর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতাপত্রের ভিত্তিতে তৈরি হয়েছে এই কেন্দ্র। আশা করা হচ্ছে,  ‘কসমস- মহীশূর’ আগামী দিনে ভারতের বিজ্ঞানশিক্ষা ও জ্যোতির্বিজ্ঞান চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। পাশাপাশি পর্যটনের নতুন আকর্ষণ হিসাবেও আত্মপ্রকাশ করতে চলেছে প্ল্যানেটেরিয়ামটি। মহারাজাদের শহরে এ বার পর্যটকদের জন্য নতুন ঠিকানা হতে চলেছে মহাবিশ্বের কৃত্রিম আকাশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!