- দে । শ
- নভেম্বর ১৪, ২০২৬
গঙ্গার জলবণ্টন ঘিরে চাপে বাংলাদেশ ! চুক্তির মেয়াদ বাড়াতে নারাজ দিল্লি
আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ। ৩০ বছরের পুরনো জলবণ্টন চুক্তির মেয়াদ আর বাড়াতে আগ্রহী নয় দিল্লি। চুক্তির মেয়াদ শেষ হলে কি হবে, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। তবে কেন্দ্রের পরিকল্পনা, চুক্তির মেয়াদ শেষ হলেও আপাতত বাংলাদেশকে আগের মতোই জল সরবরাহ করা হবে। একই সঙ্গে নতুন শর্তে জলবণ্টনের আলোচনা শুরু করতে চাইছে ভারত। কলকাতা বন্দর সচল রাখা, ‘এনটিপিসি’-র তাপবিদ্যুৎকেন্দ্রের জলের চাহিদা মেটানো এবং সুন্দরবনে নোনা জলের অনুপ্রবেশ রোখার যুক্তিতে অতিরিক্ত জল চাইছে ভারত। সরকারি সূত্রের দাবি, দেশের উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রয়োজন মেটাতে গঙ্গার জলপ্রবাহের উপর আরও বেশি নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত জল পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। দু-দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের আবহে গঙ্গার জল এখন নতুন করে কূটনৈতিক দরকষাকষির বিষয় হয়ে উঠেছে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সই করেছিলেন। মূলত শুষ্ক মরসুমে ফরাক্কা ব্যারাজের কাছে গঙ্গার জল দুই দেশের মধ্যে কী ভাবে ভাগ হবে, তা-ই নির্ধারণ করে এই চুক্তি। ৩০ বছর পরে দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তি নবীকরণের কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুরনো চুক্তির মেয়াদ বাড়ানোর পরিবর্তে নতুন করে শর্ত নির্ধারণ করতে চাইছে দিল্লি। বর্তমান চুক্তি অনুযায়ী, শুষ্ক মরসুমে ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর দুই দেশকে পালা করে ৩৫ হাজার কিউসেক করে জল দেওয়ার কথা। তবে নদীতে জলের প্রবাহ কমে গেলে কী ভাবে জলবণ্টন হবে, তা নিয়ে চুক্তিতে কোনো বাধ্যতামূলক নিশ্চয়তা নেই। এ বিষয়টিই দীর্ঘ দিন ধরে বাংলাদেশের আপত্তির অন্যতম কারণ। ঢাকার দাবি, নতুন চুক্তিতে শুষ্ক মরসুমে নির্দিষ্ট পরিমাণ জল পাওয়ার নিশ্চয়তা দিতে হবে। শুধু পুরনো চুক্তির মেয়াদ বাড়িয়ে সমস্যার সমাধান হবে না।
অন্যদিকে, ভারতের বক্তব্য, বর্তমান জলবণ্টন ব্যবস্থায় দেশের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর সচল রাখতে পর্যাপ্ত জল প্রয়োজন। গঙ্গা থেকে ভাগীরথী-হুগলি নদী ব্যবস্থায় জলপ্রবাহ বজায় না থাকলে বন্দরের নাব্যতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ার সমস্যাও রয়েছে। কেন্দ্রের দাবি, কলকাতা বন্দরের প্রয়োজন মেটাতে শুষ্ক মরসুমে অন্তত ৪০ হাজার কিউসেক জল দরকার। সে কারণে বর্তমান ব্যবস্থার বাইরে অতিরিক্ত পাঁচ হাজার কিউসেক জল চাওয়া হচ্ছে। শুধু বন্দর নয়, ‘এনটিপিসি’-র তাপবিদ্যুৎকেন্দ্রের জল সরবরাহ এবং সুন্দরবন অঞ্চলে নোনা জলের অনুপ্রবেশ ঠেকানোর বিষয়টিও নতুন আলোচনায় গুরুত্ব পাচ্ছে। কেন্দ্রীয় জল কমিশন ইতিমধ্যেই এ বিষয়ে বিদেশ মন্ত্রকের কাছে বিস্তারিত প্রযুক্তিগত তথ্য ও প্রস্তাব পেশ করেছে। গত মাসে এ নিয়ে বৈঠকও হয়েছে। এক সরকারি আধিকারিকের কথায়, চুক্তির বিভিন্ন দিক এবং শুষ্ক মরসুমে ভারত কী ভাবে আরও বেশি জল পেতে পারে, তা নিয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছিল। ওই বৈঠকে পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ওই আধিকারিকের দাবি, কলকাতা বন্দরের পলি সরানো এবং সুন্দরবনের বদ্বীপ অঞ্চলে নোনা জলের অনুপ্রবেশ ঠেকানোর জন্য অতিরিক্ত অন্তত পাঁচ হাজার কিউসেক জল প্রয়োজন। সুন্দরবনের পাশাপাশি সংলগ্ন কৃষিজমির উপরেও নোনা জলের প্রভাব পড়ছে বলে আশঙ্কা। ফলে বিষয়টি শুধু বন্দর বা শিল্পের প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়, কৃষি ও পরিবেশের সঙ্গেও যুক্ত। গঙ্গার জলবণ্টন নিয়ে ভারতের এই অবস্থানের পিছনে পশ্চিমবঙ্গ ও বিহারের দাবিও গুরুত্বপূর্ণ। দুই রাজ্যেরই অভিযোগ, ১৯৯৬ সালের চুক্তির ফলে তাদের স্বার্থ যথাযথ ভাবে রক্ষা হচ্ছে না। বিশেষত শুষ্ক মরসুমে গঙ্গার জলপ্রবাহের উপর নির্ভরশীল বিভিন্ন প্রকল্প ও কৃষিকাজের প্রয়োজন মেটাতে সমস্যা হচ্ছে বলে দাবি তাদের। ভারতে জল রাজ্যের বিষয় হওয়ায় পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াও সহজ নয়। তবে চলতি বছর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলেছে। বিহারও চুক্তি নবীকরণের আগে নতুন করে আলোচনার পক্ষে। বিজেপির জোটসঙ্গী ‘জেডিইউ’-ও এ বিষয়ে নতুন সমঝোতার দাবি জানাচ্ছে।
তবে জলবণ্টনের এ অঙ্কের অন্য পিঠে রয়েছে বাংলাদেশের উদ্বেগ। গঙ্গার নিম্ন অববাহিকায় অবস্থিত হওয়ায় শুষ্ক মরসুমে নদীর জলপ্রবাহের উপর বাংলাদেশের কৃষি, মৎস্যচাষ এবং জনজীবন অনেকটাই নির্ভরশীল। চুক্তির মেয়াদ শেষ হলে জলপ্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা বাড়তে পারে বলে আশঙ্কা ঢাকার। বাংলাদেশের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের অবস্থাও উদ্বেগের উদাহরণ হিসাবে তুলে ধরা হচ্ছে। প্রায় ৯৫৫ বর্গকিলোমিটার এলাকায় সেচের জন্য তৈরি ওই প্রকল্প বর্তমানে প্রায় ৫৫০ বর্গকিলোমিটার এলাকায় কাজ করছে দাবি করা হচ্ছে। শুষ্ক মরসুমে পর্যাপ্ত জল না পাওয়াই এর অন্যতম কারণ বলে অভিযোগ। বাংলাদেশের জলসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, পুরনো চুক্তির সাধারণ নবীকরণ নয়, বরং নতুন চুক্তি চায় তাঁর দেশ। সে চুক্তিতে জলপ্রবাহ কমে গেলেও বাংলাদেশের ন্যূনতম জলপ্রাপ্তির নিশ্চয়তা থাকতে হবে। ১৯৯৬ সালের চুক্তিতে বলা হয়েছে, ফরাক্কায় কোনো ১০ দিনের পর্যায়ে জলপ্রবাহ ৫০ হাজার কিউসেকের নীচে নেমে গেলে দু-দেশকে অবিলম্বে আলোচনায় বসতে হবে। কিন্তু সে পরিস্থিতিতে কে কতটা জল পাবে, তার কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। ঢাকার আপত্তি মূলত সেখানেই। বাংলাদেশের বক্তব্য, শুধু আলোচনার আশ্বাস নয়, জলপ্রাপ্তির ক্ষেত্রে আইনি নিশ্চয়তা প্রয়োজন।
এ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে। জলসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ওই কমিটির নেতৃত্বে রয়েছেন। অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ জানিয়েছিল, চুক্তি নিয়ে আলোচনার অনুরোধ জানানো হলেও ভারতের তরফে এখনো আনুষ্ঠানিক জবাব মেলেনি। যদিও ২ নভেম্বর বাংলাদেশের এক প্রতিমন্ত্রী দাবি করেন, দুই দেশের মধ্যে আধিকারিক স্তরে যোগাযোগ চলছে। ফলে, গঙ্গার জল নিয়ে এ টানাপড়েনকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখছে না কূটনৈতিক মহল। কারণ, ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে। অথচ গঙ্গা ছাড়া অন্য নদীগুলির জলবণ্টন নিয়ে একাধিক ক্ষেত্রে স্থায়ী সমঝোতা এখনও অধরা। তিস্তা চুক্তি তার অন্যতম উদাহরণ। তিস্তার জলবণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও পশ্চিমবঙ্গের আপত্তির কারণে চুক্তি বাস্তবায়িত হয়নি। এ বার বাংলাদেশের তিস্তা নদী পরিকল্পনায় চিনের ক্রমবর্ধমান আগ্রহের আবহে পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারাজ প্রকল্পের পুনরুদ্ধার ও ভবিষ্যৎ পরিচালনা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে কেন্দ্র। ফলে গঙ্গা ও তিস্তা — দুই নদীকে ঘিরেই নতুন করে কৌশলগত হিসাবনিকাশ শুরু হয়েছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের সামগ্রিক অবনতিও জলবণ্টনের আলোচনাকে জটিল করে তুলছে। ২৪ সালের অভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তার পর থেকেই দুই দেশের সম্পর্কে শীতলতা বেড়েছে। বাংলাদেশের তরফে বার বার হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে। দিল্লির বক্তব্য, সে আবেদন এখনো বিবেচনাধীন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। এ ঘটনার পরেও প্রত্যর্পণের দাবি আরও জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে প্রতিবেশী দেশগুলির কাছে বার্তা যেতে পারে যে রাজনৈতিক পরিস্থিতি বদলালে ভারত তার পুরনো সহযোগীদের পাশে থাকে না। আবার তাঁকে আশ্রয় দিয়ে রাখলে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব আরও বাড়তে পারে। অর্থাৎ, দুই দিক থেকেই কূটনৈতিক ঝুঁকি রয়েছে দিল্লির।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত আগস্ট মাসের ভারত সফরও শেষ পর্যন্ত হয়নি। সেপ্টেম্বরে দিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনেও তিনি যোগ দেননি। গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাঁর ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও এখনো পর্যন্ত তা নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে, ‘হাসিনা-প্রশ্ন’ই দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে যোগাযোগের পথে অন্যতম বড় বাধা হয়ে রয়েছে। পাশাপাশি, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তার প্রশ্নটিও দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ২০০৯ সাল থেকে বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের ভারতের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ট্রানজ়িট সুবিধা দেওয়ার বিষয়েও সহযোগিতা করেছে ঢাকা। ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উপরও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
দু-দেশের মধ্যে জলবণ্টন ছাড়াও বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, যোগাযোগ, কনস্যুলার সহযোগিতা নিয়ে ৪০টিরও বেশি প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। কিন্তু রাজনৈতিক টানাপড়েনের কারণে কাঠামোগুলির একাধিক ক্ষেত্রে কার্যকর অগ্রগতি থমকে গিয়েছে। দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানের জন্য নিয়মিত সরকারি স্তরের বৈঠক, যৌথ কর্মীগোষ্ঠী এবং প্রাতিষ্ঠানিক আলোচনার প্রয়োজন। সেগুলি নিষ্ক্রিয় হয়ে পড়লে ছোটোখাটো বিরোধও বড়ো ধরণের কূটনৈতিক সঙ্কটে পরিণত হতে পারে। যদিও সব যোগাযোগ যে বন্ধ হয়ে গিয়েছে, তা নয়। তিন বছরের বিরতির পরে গত অক্টোবরে দুই দেশের বাণিজ্য সংক্রান্ত যৌথ কর্মীগোষ্ঠীর বৈঠক হয়েছে। চলতি বছরের জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবাও ফের চালু হয়েছে। তবে পরিষেবা এখনো সীমিত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিদ্যমান কাঠামোর মধ্যেই বাংলাদেশের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত দিল্লি। কিন্তু কূটনৈতিক বিবৃতি আর বাস্তব অগ্রগতির মধ্যে যে ফারাক রয়েছে, তা অস্বীকার করা যায় না।
বাংলাদেশের প্রত্যাশার তালিকাও দীর্ঘ। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, ভিসা পরিষেবার স্বাভাবিকীকরণ, বাংলাদেশিদের ‘পুশ-ইন’ বন্ধ, বাণিজ্যিক বাধা দূর করা, বন্দিদের প্রত্যাবর্তন এবং শেখ হাসিনার প্রত্যর্পণ — একাধিক বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চায় ঢাকা। কিন্তু রাজনৈতিক স্তরে যোগাযোগের অভাবের কারণে বিষয়গুলির কোনোটিরই দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা স্পষ্ট নয়। অন্য দিকে, আন্তর্জাতিক জলকূটনীতির মঞ্চেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে বাংলাদেশ। রাষ্ট্রপুঞ্জের ইউরোপীয় অর্থনৈতিক কমিশনের জল কনভেনশনে (ইউএনইসিই ওয়াটার কনভেনশন) সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে ঢাকা। তাতে অভিন্ন নদীর জলবণ্টন নিয়ে বাংলাদেশের দাবিকে আন্তর্জাতিক আইনি কাঠামোয় আরও জোরালো ভাবে তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। ফলে একথা স্পষ্ট, তারেক রহমানের সরকার আবেগনির্ভর প্রতিক্রিয়ার বদলে ধারাবাহিক ও ফলাফলমুখী কূটনীতির উপর জোর দিচ্ছে।
❤ Support Us






