Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৪, ২০২৬

পুরভোট নিয়ে আইনি লড়াই সুপ্রিম কোর্টে, হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা রাজ্যের

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরভোট নিয়ে আইনি লড়াই সুপ্রিম কোর্টে, হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা রাজ্যের

কলকাতা পুরসভার নির্বাচন ঘিরে আইনি জটিলতা ক্রমশ বাড়ছে। পুরভোটের উপর কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে রাজ্যের তরফে মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে কলকাতা পুরসভার নির্বাচন কবে হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা পুরসভার বর্তমান ১৪৪টি ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ২০৯টি করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সরকারের এই উদ্যোগের শুরু থেকেই বিরোধিতা করে আসছে বিরোধী দলগুলি। তাদের আপত্তিকে কেন্দ্র করেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলায় নির্দেশ দেওয়া হয়, প্রথমে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে হবে, তার পরেই পুরসভা নির্বাচন করা যাবে। হাই কোর্টের এই নির্দেশের ফলে আপাতত কলকাতা পুরভোটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এ দিকে, রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। রাজনৈতিক পালাবদলের পর বেশ কয়েকটি পুরবোর্ড ভেঙে যাওয়ায় সেগুলির দায়িত্ব সামলাচ্ছেন প্রশাসকরা। ফলে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবা পরিচালনা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে দ্রুত পুরসভাগুলিতে নির্বাচন করাতে চাইছিল রাজ্য সরকার। কারণ, দীর্ঘদিন নির্বাচন না হলে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনিক সূত্রে জল্পনা ছিল, নভেম্বরের শেষের দিকে পুরভোট হতে পারে। কিন্তু হাই কোর্টের নির্দেশে সেই সম্ভাবনাও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভা নিয়েও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। শুক্রবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়ে কলকাতা হাই কোর্টে পৃথক একটি মামলা দায়ের হয়েছে। ফলে দুই গুরুত্বপূর্ণ পুরসভার নির্বাচন ঘিরেই আইনি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

অন্য দিকে, কলকাতা ও হাওড়ার নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে প্রতি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ ডিসেম্বর থেকে এই কো-অর্ডিনেটররা দায়িত্ব পালন করবেন। কারা এই দায়িত্বে থাকবেন, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, বিজেপির লোকজনকেই ওয়ার্ডভিত্তিক কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হবে।

এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুরভোটের উপর হাই কোর্টের স্থগিতাদেশের বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে। সেই ঘোষণামতোই শুক্রবার শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। এখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে শাসক ও বিরোধী—উভয় পক্ষই। পাশাপাশি, দীর্ঘদিন ধরে ভোটের অপেক্ষায় থাকা সাধারণ নাগরিকদেরও নজর এখন পুরভোট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিকে। শীর্ষ আদালতের সিদ্ধান্তের উপরই অনেকটা নির্ভর করছে কলকাতা-সহ রাজ্যের পুরসভাগুলির নির্বাচনের ভবিষ্যৎ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!