- দে । শ
- নভেম্বর ১৪, ২০২৬
ছটের মরুশুমে রাজ্যের সবচেয়ে বড়ো আখের পাইকারি বাজারে বাড়লো বিক্রি, খুশি চাষিরা
ছট পুজোর আগে জমে উঠেছে রাজ্যের সবথেকে বড় আখের পাইকারি বাজার। চাহিদা বাড়তেই বেড়েছে দাম। আর ভালো দাম পাওয়ায় চওড়া হাসি আখ চাষিদের মুখে। ছট পুজোর গুরুত্বপূর্ণ উপকরণ হল আখ। ডালা সাজানো থেকে ঘাটে মণ্ডপ তৈরিতেও ব্যবহার করা হয় আখ। বিশেষ করে ৫ থেকে ৭টি পাতাযুক্ত আখ ছট পুজোর মূল উপকরণ। আখকে সমৃদ্ধি ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবেও মনে করেন ভক্তরা। তাই ছট পুজোয় আখের চাহিদা থাকে তুঙ্গে। পুজোর আগে নাদনঘাটের গোয়ালপাড়ায় রাজ্যের সবথেকে বড় পাইকারি আখের বাজারে দেখা গেল জমজমাট ভিড়। এই বাজারে পূর্ব বর্ধমান বা লাগোয়া এলাকাই শুধু নয়, এখান থেকে আখ পাড়ি দেয় আসানসোল, দুর্গাপুর, কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ ও মালদা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। এমনকী পাশের রাজ্য বিহার ও ঝাড়খণ্ডেও যায় এখানকার আখ।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, দুর্গাপুজো থেকেই আখের চাহিদা শুরু হয়। ছট পুজোয় তুঙ্গে ওঠে। এদিন আখের দাম ওঠে প্রতি পিস সর্বোচ্চ ১৬ টাকা পর্যন্ত। চাষিরা জানান, এক বিঘা জমিতে আখ চাষ করতে খরচ হয় প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা। বিঘা প্রতি গড়ে ৮ থেকে ১০ হাজার পিস ফলন হয়। সেই আখ বিক্রি করে এবার বিঘা প্রতি ১ লক্ষ টাকা পর্যন্ত আয় হচ্ছে। এবার আখ চাষের আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো হয়েছে। শুধু তাই নয়, আখের জমিতে সাথী ফসল হিসেবে অন্যান্য চাষ করেও বাড়তি উপার্জনের সুযোগ আছে। উৎসবের মরশুমে আখের এই বাড়তি চাহিদা চাষিদের কাছে উপরি পাওনা।
❤ Support Us






