Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৭, ২০২৬

মোথাবাড়ি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে তলব এনআইএর

আরম্ভ ওয়েব ডেস্ক
মোথাবাড়ি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে তলব এনআইএর

মোথাবাড়ি কাণ্ডের তদন্তে ফের তৎপর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। একইসঙ্গে তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও হাজিরার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে দু’জনকেই হাজিরা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া চলাকালীন গত ১ এপ্রিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, সমস্ত প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মোথাবাড়ির বিডিও অফিসের ভিতরে এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

আটকে পড়া বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। মহিলা বিচারক-সহ অন্যান্য বিচারকদের হেনস্তার অভিযোগ সামনে আসার পরই ঘটনার তদন্তভার গ্রহণ করে এনআইএ।

ঘটনায় মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দু’টি মামলায় চার্জশিট পেশ করেছে এনআইএ। প্রথম মামলায় ২২ জনের বিরুদ্ধে এবং দ্বিতীয় মামলায় এক জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। প্রথম মামলায় ৫৪ পাতার এবং দ্বিতীয় মামলায় ১১ পাতার চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা। সব মিলিয়ে মোট ২৩ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে রয়েছে খুনের চেষ্টা, সরকারি কর্মীদের উপর হামলা, হেনস্তা, সরকারি কর্মীদের কর্তব্য পালনে বাধা দেওয়া, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা সৃষ্টির মতো একাধিক গুরুতর অভিযোগ।

এর আগেও এই ঘটনায় সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। গত ২৪ সেপ্টেম্বর তাঁকে মালদহের কালিয়াচক থানায় বেলা ১১টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত দিনে সেখানে হাজির হতে পারেননি তিনি। সেই সময় তাঁর স্বামী অসুস্থ থাকায় কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। স্বামীর চিকিৎসার কারণে কলকাতায় থাকায় সাবিনা ইয়াসমিন সেদিন কালিয়াচক থানার পরিবর্তে কলকাতায় এনআইএ-র দফতরে গিয়ে হাজিরা দেন।

এবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল। শুধু সাবিনা ইয়াসমিনই নন, তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও তলব করেছে এনআইএ। আগামী সপ্তাহে দু’জনের হাজিরার পর মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!