- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১৭, ২০২৬
‘প্রতিযোগিতা নয়, সহযোগিতাই ভবিষ্যতের পথ’ । আসিয়ান সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলা ও জ্বালানি নিরাপত্তায় জোর
আন্তর্জাতিক রাজনীতিতে সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তার প্রশ্নে ক্রমবর্ধমান উদ্বেগের আবহে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তাঁর বার্তা, ‘প্রতিযোগিতা নয়, সহযোগিতা’— এই নীতির ভিত্তিতেই এগোতে হবে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে। তিনি বলেন, ভারত ও আসিয়ান একসঙ্গে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। তাই দুই পক্ষের অভিন্ন ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বিশ্ব একের পর এক সঙ্কটের মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা এবং পূর্বানুমানযোগ্য পরিস্থিতি। তাঁর মতে, ‘এই প্রেক্ষাপটে এ বছরের সম্মেলনের মূল ভাবনা; একসঙ্গে ভবিষ্যতের পথ চলা’ বিশেষ তাৎপর্য বহন করছে।’’ একই সঙ্গে আসিয়ানের ঐক্য এবং ভারত-আসিয়ান অংশীদারিত্বে এই গোষ্ঠীর কেন্দ্রীয় ভূমিকার প্রতি দিল্লির অঙ্গীকার যে অটুট থাকবে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মোদি। তিনি বলেন, ‘আসিয়ানের ঐক্য ও এই অংশীদারিত্বে তার কেন্দ্রীয় ভূমিকার প্রতি ভারতের অঙ্গীকার আগেও অটুট ছিল, ভবিষ্যতেও থাকবে।’’ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রভাবশালী আঞ্চলিক সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস’ (আসিয়ান)। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের সদস্য দেশ বর্তমানে ১১টি — ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার, কম্বোডিয়া ও তিমুর-লেস্তে। আমেরিকা, চিন, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো দেশও আসিয়ানের অংশীদার। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষায় এই গোষ্ঠীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সে প্রেক্ষিতেই ভারত-আসিয়ান সম্পর্ককে আরও গভীর করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ভারত ও আসিয়ান — উভয়েরই এই অঞ্চলকে শান্তি ও স্থিতিশীলতার প্রতীক হিসাবে গড়ে তোলার মতো শক্তি এবং সংকল্প রয়েছে। তিনি বলেন, ‘ভারতের উন্নয়ন এবং আসিয়ানের সমৃদ্ধি গভীর ভাবে পরস্পরের সঙ্গে জড়িত। আগামী বছরগুলিতে আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫ এবং বিকশিত ভারত ২০৪৭ আমাদের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’ গত ১২ বছরে ভারত-আসিয়ান অংশীদারিত্বে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এ বার এই সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতের পথ নির্ধারণ করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ম্যানিলার এ বৈঠক দুই পক্ষের সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাবে। নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে সাহায্য করবে। ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রী মোদির বক্তব্যে। তিনি জানান, এ নীতি গত কয়েক বছরে ভারত-আসিয়ান সম্পর্ককে নতুন গতি ও গভীরতা দিয়েছে। দু–পক্ষের সহযোগিতা এখন আর শুধু অভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা আর মহাকাশের মতো ক্ষেত্রেও সম্পর্কের নতুন মাত্রা তৈরি হয়েছে।
২০১৪ সাল থেকে দুই পক্ষের সহযোগিতার খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক মজবুত করতে ১০০টিরও বেশি উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২৫০টি ‘কুইক ইমপ্যাক্ট প্রজেক্ট’ বা দ্রুত ফলদায়ী প্রকল্প শুরু হয়েছে। ভারত এবং আসিয়ানের ন–টি সদস্য দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা এবং পর্যটনের প্রসারকেও পারস্পরিক ঘনিষ্ঠতার প্রমাণ হিসাবে উল্লেখ করেন তিনি। ১৯৯২ সালে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অংশীদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ভারত-আসিয়ান সংলাপের সূচনা হয়েছিল। ১৯৯৫ সালের ডিসেম্বরে তা পূর্ণাঙ্গ সংলাপের অংশীদারিত্বে উন্নীত হয়। ২০০২ সালে শুরু হয় শীর্ষ সম্মেলন পর্যায়ের সম্পর্ক। ২০১২ সালে দুই পক্ষের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের মর্যাদা পায়। মঙ্গলবারের বৈঠকটি ছিল আসিয়ান নেতাদের সঙ্গে এ ধরনের বিন্যাসে নরেন্দ্র মোদির ১৩তম বৈঠক। চলতি বছরে আসিয়ানের সভাপতিত্বের দায়িত্বে রয়েছে ফিলিপিন্স। সে সূত্রেই ম্যানিলায় বার্ষিক শীর্ষ সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকগুলির আয়োজন করেছে দেশটি।
তবে, শুধু রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সহযোগিতাই নয়, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলাতেও পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে ভারত ও আসিয়ান। মঙ্গলবারের শীর্ষ সম্মেলনের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বিপর্যয় ব্যবস্থাপনা ও আগাম সতর্কতা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একযোগে কাজ করবে দুই পক্ষ। ভূমিকম্প, সুনামি, বন্যা, ঘূর্ণিঝড়, অত্যধিক তাপপ্রবাহ, ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকির মধ্যে রয়েছে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলি। এ পরিস্থিতিতে বিপর্যয়-সহনশীল অঞ্চল গড়ে তোলার প্রয়োজনীয়তা স্বীকার করেছে সব পক্ষই। আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত করা, উপগ্রহ ও আবহাওয়া সংক্রান্ত তথ্য আদানপ্রদান, যৌথ প্রস্তুতিমূলক মহড়া এবং বিপর্যয়ের সময় দ্রুত মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যৌথ বিবৃতিতে বিপর্যয় মোকাবিলার গোটা প্রক্রিয়ায় সহযোগিতা গভীর করার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে বিপর্যয় প্রতিরোধ, আগাম প্রস্তুতি, বিপর্যয়কালীন মোকাবিলা এবং পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন। অর্থাৎ, দুর্যোগের পর উদ্ধার ও ত্রাণের পাশাপাশি বিপর্যয়ের আগেই প্রস্তুতি এবং পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রেও সমন্বয় বাড়াতে চায় ভারত ও আসিয়ান।
এদিকে, এশিয়ার জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতেও সমমনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে কাজ করার বার্তা দিয়েছে দিল্লি। মঙ্গলবার ম্যানিলায় চতুর্থ ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি’ (এজেডইসি) নেতৃবৈঠকে যোগ দিয়ে বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, এশিয়ার জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। জাপান ও ফিলিপিন্সের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে মিস্রী বলেন, জ্বালানি ক্ষেত্রে সহনশীলতা ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করতে সমমনোভাবাপন্ন অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তাঁর এই বক্তব্যের কথা জানানো হয়েছে। একই সঙ্গে জাপানের ‘ব্রিজ এশিয়া’ উদ্যোগকেও স্বাগত জানিয়েছে দিল্লি। আঞ্চলিক দেশগুলির মধ্যে উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এজেডইসি বৈঠকে এ প্রস্তাব দেন। পরিকল্পনা অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তির মতো ক্ষেত্রে যৌথ গবেষণা, প্রযুক্তির উন্নয়ন এবং পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট বৈঠকগুলির পার্শ্ববৈঠক হিসাবেই চতুর্থ এজেডইসি নেতৃবৈঠকের আয়োজন করা হয়েছিল। সোমবারই ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনও ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী মোদি। দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করাই তাঁর এ সফরের অন্যতম লক্ষ্য। তবে প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কূটনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে অন্য এক সম্ভাবনাকে কেন্দ্র করেও। আসিয়ান সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ কোয়াডের চার সদস্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে খবর। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে ঘিরে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থের প্রশ্ন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষত দক্ষিণ চিন সাগরকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা ও বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক কৌশলগত অবস্থান এ অঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলছে। ফলে এই সম্মেলন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
❤ Support Us






