- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১৭, ২০২৬
অন্ধ্রপ্রদেশে গ্যাস কূপে লিক ! বিপর্যয়ের আশঙ্কায় গ্রাম খালি করল প্রশাসন, ঘরছাড়া ৮০০ বাসিন্দা
অন্ধ্রপ্রদেশে ফের ‘ওএনজিসি’-র গ্যাস কূপে বিপত্তি। মঙ্গলবার ভোরে ডঃ বি আর আম্বেডকর কোনাসীমা জেলার একটি গ্যাস কূপ থেকে আচমকাই বিপুল পরিমাণে গ্যাস নির্গত হতে শুরু করে। বিকট শব্দে গ্যাস বেরিয়ে আসার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কূপের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বসতিগুলি খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। প্রায় ৮০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো অগ্নিকাণ্ডের খবর নেই, তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার বিদ্যুৎ পরিষেবা ও জেনারেটর। গ্যাসের নির্গমন বন্ধ করতে ঘটনাস্থলে পৌঁছেছে ‘ওএনজিসি’-র বিশেষজ্ঞ দল। প্রশাসনের আশা, সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।
‘ওএনজিসি’ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ কোনাসীমা জেলার ২১৬ নম্বর জাতীয় সড়কের কাছে গেড্ডাডা গ্রামের একটি গ্যাস কূপে রি-ড্রিলিং ও রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সে সময় আচমকাই বিকট শব্দে কূপ থেকে গ্যাস বেরিয়ে আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণে গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকেরা। কূপের চারপাশের এলাকা ঘিরে ফেলা হয়। গ্যাসের সম্ভাব্য বিস্তার রুখতে জল ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন কর্মীরা। বিপদের আশঙ্কা এড়াতে গ্যাস কূপের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা প্রায় ৪০০ থেকে ৫০০টি পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮০০ জনকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তাঁদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থাও করেছে জেলা প্রশাসন। পাশাপাশি, গ্যাসের উপস্থিতিতে কোনো ভাবে আগুনের ফুলকি তৈরি হয়ে যাতে বিপদ না বাড়ে, সে জন্য স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎ, বৈদ্যুতিক সরঞ্জাম, উনুন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
জেলাশাসক মহেশ কুমার রাভিরালা জানিয়েছেন, আপাতত পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছয়নি। তাঁর বক্তব্য, কূপ থেকে নির্গত গ্যাস চারদিকে অনুভূমিক ভাবে ছড়িয়ে পড়ার পরিবর্তে উপর দিকে উঠে যাচ্ছে। ফলে এ মুহূর্তে বড়ো ধরনের বিপদের আশঙ্কা তুলনামূলক ভাবে কম। তবে কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সে কারণেই আগাম সতর্কতা হিসাবে বিস্তীর্ণ এলাকা খালি করে দেওয়া হয়েছে। জেলাশাসকের আশা, সন্ধ্যার মধ্যেই গ্যাসের নির্গমন বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে। এ দিকে দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতির খোঁজখবর নেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। ‘ওএনজিসি’-র চেয়ারম্যান-সহ সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। জেলা প্রশাসনের কর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ, যে কোনো পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। বিপজ্জনক এলাকার প্রত্যেক বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি, গ্যাসের নির্গমন বন্ধ করতে ‘ওএনজিসি’কে বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের দল মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি।
শুধু তা-ই নয়, কোনাসীমা জেলায় সাম্প্রতিক সময়ে বার বার একই ধরনের বিপত্তি ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নায়ডু। ‘ওএনজিসি’র শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে সংস্থার নিরাপত্তা বিধি ও আগাম সতর্কতামূলক ব্যবস্থাগুলি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে গ্যাস উত্তোলন কেন্দ্রগুলির নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনার উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘ওএনজিসি’ কর্তৃপক্ষের দাবি, এখনো পর্যন্ত কূপে আগুন লাগেনি। কূপের মুখ বা ওয়েলহেডও অক্ষত রয়েছে। গ্যাস যাতে মাটির কাছাকাছি জমে না থাকে কিংবা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ঘটনাস্থলের ডিজেল জেনারেটর-সহ অন্যান্য যন্ত্রপাতি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নয়, এমন কর্মীদেরও ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গ্যাসের নির্গমন পুরোপুরি বন্ধ করতে বিশেষ ‘সিমেন্টিং’ দল পাঠানো হয়েছে। কূপের মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়ার মাধ্যমে লিকেজ সারানোর চেষ্টা চলছে।
তবে এ ঘটনা কোনও বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। চলতি বছরে এই নিয়ে অন্তত চতুর্থ বার কোনাসীমা জেলায় ‘ওএনজিসি’র গ্যাস কূপে লিকের ঘটনা ঘটল। গত জানুয়ারি মাসে জেলার মোরি গ্রামের একটি গ্যাস কূপে ‘ব্লোআউটে’র জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। কূপ থেকে অনিয়ন্ত্রিত ভাবে গ্যাস নির্গত হওয়ার পর আগুন ধরে যায়। প্রায় পাঁচ দিন ধরে সেই আগুন জ্বলেছিল। সে ঘটনার পরেও ফের একই জেলায় গ্যাস লিকের ঘটনা সামনে আসায় উদ্বেগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। একই অঞ্চলে বার বার গ্যাস কূপে বিপত্তি ঘটায় স্বাভাবিক ভাবেই ‘ওএনজিসি’র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। রক্ষণাবেক্ষণ ও রি-ড্রিলিংয়ের সময় পর্যাপ্ত সতর্কতা নেওয়া হচ্ছে কি না, গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণে রাখার পরিকাঠামো কতটা কার্যকর, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আপাতত প্রশাসনের প্রধান লক্ষ্য গ্যাসের নির্গমন বন্ধ করে বাসিন্দাদের নিরাপদে রাখা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বার বার এ ধরনের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করাই বড়ো চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
❤ Support Us





