Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৭, ২০২৬

কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে ধুন্ধুমার ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক এসএফআইয়ের বহু নেতাকর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে ধুন্ধুমার ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক এসএফআইয়ের বহু নেতাকর্মী

বইয়ের জন্য লড়াই। আর সেই বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করেই মঙ্গলবার সকাল থেকে ধুন্ধুমার কলেজ স্ট্রিটে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বাম ছাত্রসংগঠন এসএফআইয়ের উদ্যোগে বইয়ের স্টল বসানোকে ঘিরে পুলিশের সঙ্গে বচসা। পুলিশের বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত রাস্তার উপরেই বই সাজিয়ে প্রতিবাদে বসে পড়েন সংগঠনের সদস্যেরা। তাঁদের সাফ কথা, স্টল করতে না দিলে রাস্তায় বসেই বই বিক্রি চলবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। শুরু হয় ধরপাকড়। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ একাধিক কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

১৭ থেকে ১৯ নভেম্বর, তিন দিন ধরে কলেজ স্ট্রিটে ‘বইয়ের জন্য আসুন’ কর্মসূচির ডাক দিয়েছে এসএফআই। ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে মহাবোধি সোসাইটি হলের সামনে একটি মিনি বইমেলার আয়োজন করার কথা ছিল। সে মতো মঙ্গলবার সকাল থেকেই বই নিয়ে হাজির হন সংগঠনের কর্মী-সমর্থকেরা। এসএফআই নেতৃত্বের দাবি, গত চার বছর ধরে নভেম্বর বিপ্লবের বার্ষিকী উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির উদ্যোগে ‘সংগ্রামী বইপত্র’ নামে এই কর্মসূচি হয়ে আসছে। এ বারও তার অন্যথা হওয়ার কথা ছিল না। বুকস্টল বসানোর জন্য পুরসভা, লালবাজার এবং স্থানীয় থানার প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছিল বলে দাবি সংগঠনের।

অভিযোগ, স্টল তৈরির কাজ শুরু হতেই বাধা দেয় পুলিশ। সোমবার থেকেই এ নিয়ে আপত্তি জানানো হচ্ছিল বলে দাবি এসএফআইয়ের। পুলিশের বক্তব্য ছিল, কলেজ স্ট্রিটের মতো ব্যস্ত রাস্তায় স্টল বসালে যান চলাচলে সমস্যা হতে পারে। মঙ্গলবার সকালেও একই আপত্তি জানানো হয়। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে এগিয়ে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন। দীর্ঘক্ষণ কথাবার্তা হলেও পুলিশের তরফে অনুমতি মেলেনি বলে অভিযোগ। এর পরেই প্রতিবাদের রাস্তা বেছে নেন এসএফআই কর্মীরা। রাস্তার উপর ব্যানার বিছিয়ে তার উপরে একের পর এক বই সাজিয়ে বসে পড়েন তাঁরা। তাঁদের বক্তব্য, প্রতি বছরই এই কর্মসূচি হয়ে থাকে। তা হলে এ বার বাধা কেন? অনুমতি থাকা সত্ত্বেও বইয়ের স্টল করতে দেওয়া হচ্ছে না কেন? নির্দিষ্ট জায়গায় স্টল করতে না দিলে রাস্তার উপরেই বই বিক্রি করবেন বলে জানিয়ে দেন সংগঠনের সদস্যেরা।

এদিকে পুলিশের তরফে জানানো হয়, ওই এলাকায় বুকস্টল বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। ফলে সেখানে জমায়েত বা মিছিল করা যাবে না। পুলিশের এই বক্তব্যের পাল্টা প্রশ্ন তোলেন এসএফআই কর্মীরা। তাঁদের প্রশ্ন, কবে ১৬৩ ধারা জারি করা হয়েছে? সে নির্দেশের সরকারি নথি কোথায়? বই বিক্রির মতো কর্মসূচি আটকাতে কেন ওই ধারার প্রয়োগ করা হচ্ছে, তা নিয়েও সরব হন তাঁরা। তাঁদের অভিযোগ, আইনকে হাতিয়ার করে বইয়ের স্টল বন্ধ করার চেষ্টা করছে পুলিশ। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলেজ স্ট্রিটের ব্যস্ত রাস্তায় তখন পুলিশের সঙ্গে এসএফআই কর্মী-সমর্থকদের বাদানুবাদ চলছে। রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরাতে গেলে দু-পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, কয়েক জনকে জোর করে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। আটক করা হয় দেবাঞ্জন-সহ বহু নেতাকর্মীকে।

এসএফআইয়ের অভিযোগ, বই বিক্রি করতে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে। তাঁদের কলার ধরে ভ্যানে তোলা হয়েছে। পুলিশের অবশ্য দাবি, অনুমতি ছাড়া রাস্তায় বসে বই বিক্রি ও জমায়েতের চেষ্টা করছিলেন বিক্ষোভকারীরা। আইনশৃঙ্খলা বজায় রাখতেই তাঁদের সরানো হয়েছে। আটক হওয়ার পর একটি ভিডিয়ো বার্তায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেবাঞ্জন। তাঁর অভিযোগ, গোটা কলেজ স্ট্রিট পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল, যাতে এসএফআই কোনো ভাবেই বইয়ের স্টল করতে না পারে। পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে বই বিক্রি করছিলেন। সে সময় তাঁদের রাস্তায় ফেলে মারধর করা হয়, চারটি প্রিজ়ন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি তাঁর। দেবাঞ্জনের দাবি, ‘আজকের ঘটনা স্পষ্ট করে দিল, বর্তমান সরকার বইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আগে বই বনাম বুলডোজার দেখেছে বাংলা, এ বার বই বনাম প্রিজন ভ্যান। বই হাতেই আমাদের লড়াই চলবে।’

উল্লেখ্য, শারদীয়া ও দীপাবলির মরসুমে রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থী ও প্রগতিশীল বইয়ের স্টলে হামলার অভিযোগ উঠেছিল। যাদবপুরেও একটি বইয়ের স্টল ভাঙার চেষ্টা এবং পুলিশি পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবাদে আরও বেশি করে বই নিয়ে মানুষের কাছে পৌঁছনোর ডাক দিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠন। কলেজ স্ট্রিটের মিনি বইমেলাও সেই কর্মসূচিরই অংশ বলে দাবি এসএফআইয়ের। কিন্তু বইপাড়ায় বই বিক্রির আয়োজন ঘিরে এ দিনের পুলিশি পদক্ষেপ নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিল। এক দিকে পুলিশের অনুমতি ও আইনশৃঙ্খলার প্রশ্ন, অন্য দিকে বই বিক্রি এবং প্রতিবাদের অধিকার — দুইয়ের সংঘাতে মঙ্গলবার উত্তপ্ত রইল বইপাড়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!