- দে । শ
- নভেম্বর ১৭, ২০২৬
সুপ্রিম কোর্টের রায়ে উদ্বিগ্ন বিলকিস বানো, দুই দোষীর সাজা স্থগিত নিয়ে প্রশ্ন
২০০২ সালের গুজরাত দাঙ্গায় গণধর্ষণ ও পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বিলকিস বানোর মনে আবারও ফিরে এসেছে পুরনো আতঙ্ক। সুপ্রিম কোর্টে এই মামলার দুই সাজাপ্রাপ্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে জামিন দেওয়ার সিদ্ধান্তের পর গভীর উদ্বেগ প্রকাশ করলেন তিনি। তাঁর আশঙ্কা, দীর্ঘ লড়াইয়ের পর বিচারব্যবস্থার উপর যে বিশ্বাস ফিরে পেয়েছিলেন, তা আবারও হারিয়ে যেতে পারে।
আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিলকিস জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তাঁর কথায়, “যে ন্যায়বিচারের জন্য আমি এত লড়াই করেছি, মনে হচ্ছে সেটাই যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই পুরনো আতঙ্ক আবার ফিরে আসছে। আমি ভয় পাচ্ছি—নিজের জন্য, পরিবারের জন্য এবং সন্তানদের জন্য।”
উল্লেখ্য, ২০০২ সালে গোধরা-কাণ্ডের পর গুজরাতে ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক হিংসা। সেই সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। তাঁর চোখের সামনেই পরিবারের একাধিক সদস্যকে খুন করে হামলাকারীরা। এমনকি রেহাই পায়নি তাঁর তিন বছরের মেয়েও। শিশুটিকে পাথরের উপর আছড়ে মেরে ফেলা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই ঘটনায় বিলকিসের পরিবারের আরও কয়েক জন সদস্য প্রাণ হারান।
এই ঘটনায় দোষী সাব্যস্ত ১১ জনের মধ্যে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড গত ২৮ অক্টোবর স্থগিত রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁদের জামিন মঞ্জুর করা হয়। বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি বরালের বেঞ্চ এই নির্দেশ দেয়। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের প্রতিলিপি আপলোড হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
আদালতের এই সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিলকিস। তাঁর দাবি, এই বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। এমনকি তাঁর বক্তব্য শোনারও কোনও সুযোগ দেওয়া হয়নি। সংবাদমাধ্যমের কাছ থেকেই তিনি দুই আসামির সাজা স্থগিত এবং জামিনের বিষয়টি জানতে পারেন।
দীর্ঘ আইনি লড়াইয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে বিলকিস জানিয়েছেন, ন্যায়বিচারের আশায় তাঁকে এক আদালত থেকে অন্য আদালতে ছুটতে হয়েছে। প্রতিবার আদালতের কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার পর বিচারব্যবস্থার প্রতি তাঁর আস্থা আরও দৃঢ় হয়েছে। বিবৃতিতে তিনি লেখেন, “আমি এক আদালত থেকে অন্য আদালতে ঘুরেছি। যখনই ন্যায়বিচার পেয়েছি, বিচারব্যবস্থার উপর কৃতজ্ঞ হয়েছি। প্রতিবারই ন্যায়বিচারের উপরে আমার বিশ্বাস নতুন করে ফিরে এসেছে।”
কিন্তু সাম্প্রতিক নির্দেশের পর সেই বিশ্বাস নিয়েই সংশয় তৈরি হয়েছে তাঁর মনে। বিলকিসের প্রশ্ন, “আমি ভয় পাচ্ছি, ন্যায়বিচারের উপর থেকে আমার বিশ্বাস আবার হারিয়ে যাবে না তো? সুপ্রিম কোর্ট কী ভাবে এই অপরাধীদের সাজা স্থগিত করে দিল? আমাকে একবারও জানানো হল না কেন? যে আদালতে আগে আমার বক্তব্য শোনা হয়েছে, সেখানে আমার কথা যাতে আবার পৌঁছয়, তা নিশ্চিত করা হল না কেন?”
উল্লেখ্য, বিলকিস বানোর উপর হওয়া অপরাধকে ‘বিরল থেকে বিরলতম’ বলে উল্লেখ করে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতে দোষীদের কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০০৮ সালের ২১ জানুয়ারি ওই বিশেষ আদালত মোট ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। মামলা চলাকালীন এক জনের মৃত্যু হয়। পরবর্তী সময়ে ২০১৭ সালে বম্বে হাই কোর্টও দোষীদের সাজা বহাল রাখে।
এর পর গুজরাত সরকার ১১ জন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জানায়, আসামিদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে গুজরাত সরকারের এক্তিয়ার ছিল না। সেই কারণে রাজ্য সরকারের মুক্তির সিদ্ধান্ত বাতিল করে দেয় শীর্ষ আদালত।
এ বার ওই ১১ জনের মধ্যে দু’জন—বিপিনচাঁদ জোশী এবং প্রদীপ মোধিয়া—২০১৭ সালে বম্বে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ লুথরা।
আসামিপক্ষের আইনজীবীর যুক্তি ছিল, তাঁদের মধ্যে এক জনের নাম প্রথম দিকে এফআইআরে ছিল না। ঘটনার প্রায় তিন বছর পর তাঁকে এই মামলায় যুক্ত করা হয়। অন্য আসামি গুরুতরভাবে প্রতিবন্ধী বলেও আদালতে দাবি করা হয়। পাশাপাশি, গত ১৭ বছর ধরে তাঁরা কারাবন্দি রয়েছেন, সেই বিষয়টিও বিচারপতিদের নজরে আনেন আইনজীবী। এই সমস্ত যুক্তির ভিত্তিতে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত রাখার আবেদন জানানো হয়।
আসামিপক্ষের সেই আবেদনে সাড়া দিয়েই দুই দোষীর সাজা স্থগিত এবং জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে বিলকিস বানোর মনে। দীর্ঘ কয়েক দশকের আইনি লড়াইয়ের পর ন্যায়বিচারের প্রতি তাঁর যে বিশ্বাস তৈরি হয়েছিল, সাম্প্রতিক নির্দেশে তা আবারও গভীর চ্যালেঞ্জের মুখে পড়েছে।
❤ Support Us





