Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৮, ২০২৬

নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত লশকর কমান্ডার লতিফ ভাট

আরম্ভ ওয়েব ডেস্ক
নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত লশকর কমান্ডার লতিফ ভাট

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন লশকর-এ-ত্যায়বার কমান্ডার লতিফ ভাট । পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান থেকে বাঁচতে জাঙ্গালগাম গ্রামের একটি মসজিদে আশ্রয় নিয়েছিলেন ২৩ বছর বয়সি এই জঙ্গি । সেখান থেকেই ভিডিয়ো কলের মাধ্যমে তাঁকে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়েছিল । কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আত্মসমর্পণ করতে অস্বীকার করেন লতিফ । এরপরই নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাঁর গুলির লড়াই শুরু হয় এবং তাতে তাঁর মৃত্যু হয় ।

১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি নাকা চেকিং পোস্টে হামলা চালায় জঙ্গিরা । ওই ঘটনার পর থেকেই হামলাকারীদের সন্ধানে কুলগামের বিভিন্ন এলাকায় ধারাবাহিক তল্লাশি অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ । তদন্তে এই হামলার নেপথ্যে লশকর-এ-ত্যায়বার কমান্ডার লতিফ ভাটের নাম উঠে আসে ।

সূত্রের খবর, হামলার ঠিক আগের দিন অর্থাৎ ১০ নভেম্বর লতিফ ভাট এবং আর এক জঙ্গি নিসার দারকে কুলগামের মীর বাজার, অখরান, হবলিশ এবং কিলম-সহ একাধিক এলাকায় একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল । এর পরদিনই অখরানের সিআরপিএফ ক্যাম্পে হামলার ঘটনা ঘটে । নিরাপত্তাবাহিনী ওই ক্যাম্পের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লতিফ ও নিসারের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় । হামলার পর তাঁরা কোন রাস্তা দিয়ে পালিয়েছিলেন, সেই তথ্যও সিসিটিভি ফুটেজ থেকে উদ্ধার করা হয় । এরপর তাঁদের সম্ভাব্য আত্মগোপনের জায়গা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে নিরাপত্তাবাহিনী ।

গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার কুলগামের লারু এলাকায় লতিফ ও নিসারের সন্ধানে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। তাঁদের ধরতে গেলে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় । সেই সংঘর্ষে নিহত হয় নিসার দার । তবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন লতিফ ভাট ।

সূত্রের দাবি, ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন লতিফ । আহত অবস্থাতেও নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি । এরপর গত দু’দিন ধরে কুলগামের বিভিন্ন এলাকায় তাঁর খোঁজে তল্লাশি চালাতে থাকে নিরাপত্তাবাহিনী ।

পুলিশ জানিয়েছে, বুধবার ভোর থেকে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে লতিফের সন্ধানে আরও জোরদার অভিযান শুরু হয় । ক্রমশ নিরাপত্তাবাহিনীর চাপ বাড়তে থাকায় কার্যত কোণঠাসা হয়ে পড়েন ২৩ বছর বয়সি এই লশকর কমান্ডার । শেষ পর্যন্ত জাঙ্গালগাম গ্রামের একটি মসজিদের ভিতরে তাঁর অবস্থান নিশ্চিত করেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মসজিদের ভিতরে লুকিয়ে থাকা লতিফকে ভিডিয়ো কলের মাধ্যমে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল । কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। আত্মসমর্পণে অস্বীকার করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাঁর গুলির লড়াই শুরু হয় । শেষ পর্যন্ত সেই সংঘর্ষেই মৃত্যু হয় লশকর-এ-ত্যায়বার কমান্ডার লতিফ ভাটের ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!