- বি। দে । শ
- নভেম্বর ২০, ২০২৬
চিনে ন’লক্ষের বেশি এআই চিপ রফতানি,এনভিডিয়া-এএমডিকে লাইসেন্স । ট্রাম্প সরকারের সম্মতি ঘিরে সড়গোল মার্কিন রাজনীতিতে
চিনের কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ রফতানির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুমোদন ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে আমেরিকায়। প্রকাশ্যে আসা এক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে এনভিডিয়া ও এএমডিকে চিনের বিভিন্ন সংস্থার কাছে প্রায় ন’লক্ষ উন্নতমানের এআই চিপ রফতানির অনুমতি দিয়েছিল ট্রাম্প সরকার। মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রকাশ করা লাইসেন্সিং সংক্রান্ত তথ্যেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
কমিটির প্রকাশিত নথি অনুযায়ী, ওই ছ’মাসে মার্কিন বাণিজ্য বিভাগ মোট ৮ লক্ষ ৭৯ হাজার এআই চিপ রফতানির অনুমোদন দিয়েছিল। অনুমোদিত চিপগুলির মধ্যে ছিল এনভিডিয়ার এইচ২০০ (H200) প্রসেসর এবং এএমডির এমআই৩২৫এক্স (MI325X) মডেল। চিনের একাধিক প্রথম সারির প্রযুক্তি ও শিল্প সংস্থার জন্য এই চিপ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।
লাইসেন্সিং নথিতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত চিপের মধ্যে আলিবাবার জন্য ছিল ৭৫ হাজার, টেনসেন্টের জন্য দেড় লক্ষ, বাইদুর জন্য ৪৩ হাজার এবং বৈদ্যুতিন গাড়ি নির্মাতা সংস্থা বিওয়াইডি-র জন্য চার হাজার চিপ। উল্লেখযোগ্য বিষয় হল, এই চারটি সংস্থাই পেন্টাগনের এমন একটি তালিকায় রয়েছে, যেখানে চিনা সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বিভিন্ন সংস্থার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
উন্নত এআই প্রযুক্তিতে চিনের অগ্রগতি এবং মার্কিন প্রযুক্তির উপর বেজিংয়ের নির্ভরতা নিয়ে ওয়াশিংটনে যখন উদ্বেগ বাড়ছে, তখনই এই তথ্য প্রকাশ্যে এসেছে। বিশেষ করে, এনভিডিয়ার প্রাক্তন সিইও জেনসেন হুয়াঙের সঙ্গে এক চিনা ‘গুপ্তচরের’ সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি ঘিরে বিতর্ক আরও বেড়েছে। এই পরিস্থিতিতে চিনের কাছে সংবেদনশীল প্রযুক্তি রফতানির উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি তুলেছেন মার্কিন আইনপ্রণেতাদের একাংশ।
শুধু অনুমোদিত চিপের সংখ্যাই নয়, লাইসেন্সিং সংক্রান্ত নথিতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ওই ছ’মাসে উন্নত এআই চিপ প্রস্তুতকারী সংস্থাগুলি চিনে মোট ৩৪ লক্ষেরও বেশি চিপ রফতানির জন্য আবেদন জানিয়েছিল। যদিও তার মধ্যে কতগুলি আবেদন অনুমোদিত হয়েছিল এবং অনুমোদন পাওয়া চিপের কতগুলি বাস্তবে চিনে পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়। অর্থাৎ, লাইসেন্স দেওয়া হলেও সমস্ত চিপ যে চিনে পৌঁছেছে, এমন কোনও নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি।
এই বিষয়ে মার্কিন বাণিজ্য বিভাগের বক্তব্য, এনভিডিয়ার এইচ২০০ চিপ রফতানির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ২০২৬ সালের জানুয়ারি মাসে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নিয়ম অনুসরণ করা হয়েছিল। ওই নিয়মে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক অতিরিক্ত শর্ত রাখা হয়েছে। আবেদনকারী সংস্থাগুলিকে সেই শর্তগুলি পূরণ করতে হয়। তবে প্রতিটি আবেদন সরাসরি বাতিল না করে, নির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে আলাদা করে বিবেচনা করার সুযোগও রাখা হয়েছে।
কিন্তু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সরকারের প্রাক্তন আধিকারিক এবং আমেরিকা-চিন প্রযুক্তি প্রতিযোগিতার বিশেষজ্ঞ ক্রিস ম্যাকগুয়ের। তাঁর বক্তব্য, অনুমোদিত এআই চিপের ৩০ শতাংশেরও বেশি এমন সব সংস্থার কাছে যাওয়ার কথা ছিল, যাদের চিনা সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ রয়েছে বলে আগেই চিহ্নিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। সে ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টি যথাযথ ভাবে খতিয়ে দেখার পরেই কি এই অনুমোদন দেওয়া হয়েছিল? প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, লাইসেন্স দেওয়ার আগে মার্কিন বাণিজ্য বিভাগ জাতীয় নিরাপত্তার ঝুঁকিগুলি কতটা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।
অন্য দিকে, এনভিডিয়ার দাবি, কঠোর শর্ত মেনেই তারা চিনে এআই চিপ রফতানির অনুমোদন পেয়েছিল। রফতানির পরিমাণও ছিল সীমিত। সংস্থাটি আরও জানিয়েছে, লাইসেন্স হাতে পেলেও তারা চিনে এইচ২০০ চিপ পাঠানো বন্ধ করে দিয়েছে। এএমডির তরফে জানানো হয়েছে, তারা আমেরিকার রফতানি নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন মেনে চলে এবং বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কঠোর নিয়মকানুন অনুসরণ করে।
তবে এই বিতর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি আলিবাবা, টেনসেন্ট, বাইদু এবং বিওয়াইডি। মার্কিন বাণিজ্য বিভাগ এবং ওয়াশিংটনে অবস্থিত চিনা দূতাবাসের তরফেও বিষয়টি নিয়ে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, চিনের হাতে উন্নত এআই প্রসেসর পৌঁছনো আটকাতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল। ওয়াশিংটনের আশঙ্কা ছিল, এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি চিনের সামরিক ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমেরিকার প্রযুক্তিগত নেতৃত্বও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেই নীতিতে কিছুটা পরিবর্তন আসে। চিনের কাছে এনভিডিয়ার এইচ২০০ চিপ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময়ও বেজিংয়ের উপর প্রযুক্তিগত বিধিনিষেধ শিথিল করার এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন মার্কিন আইনসভার একাংশ। এ বার প্রকাশ্যে আসা লাইসেন্সিং সংক্রান্ত তথ্য সেই বিতর্ককে আরও উসকে দিল। জাতীয় নিরাপত্তার স্বার্থ এবং প্রযুক্তি বাণিজ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে ট্রাম্প প্রশাসন কতটা সতর্ক ছিল, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে মার্কিন রাজনৈতিক ও বাণিজ্য মহলে।
❤ Support Us







