- বি। দে । শ
- নভেম্বর ২০, ২০২৬
ইমরানের পাশে জাতিসংঘের মানবাধিকার কমিশন, অবিলম্বে মুক্তির দাবি চেয়ারম্যান ভরকার তুর্কের
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তির দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক তিনি ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং পাকিস্তানে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা কমাতে সরকার ও বিরোধী দলগুলিকে আস্থার পরিবেশ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন।
সিএনএন–কে দেওয়া এক সাক্ষাৎকারে তুর্ক ইমরানের মুক্তি ও চিকিৎসার বিষয়টি উত্থাপন করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা কমাতে আস্থা পুনরুদ্ধারের জন্য সব পক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ইমরান খানের স্বাস্থ্যের কথা ভেবে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।’ এদিকে, ইমরান খানের ছেলে কাসিম খানও তাঁর বাবার অবস্থার বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করেছেন। তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও নির্যাতনসহ গুরুতর অভিযোগ করেছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইমরান খানের কারা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, ২০২৫ সালের জিসেম্বর থেকে ইমরানকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তাঁকে দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাসে রাখার অভিযোগও রয়েছে। ইমরানের ক্রমবর্ধমান রক্তচাপ এবং একজন স্বাধীন চিকিৎসকের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থার অভাব নিয়েও অ্যামনেস্টি উদ্বেগ প্রকাশ করেছে।
এর আগে, গত ১৬ নভেম্বর ইমরান খান জেল থেকে পাকিস্তানের জ্যেষ্ঠ বিচারপতিদের কাছে একটা চিঠি লিখে তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন। তিনি অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন। ইমরান খানের শারীরিক অবস্থা, তাকে কারারুদ্ধ করার পদ্ধতি এবং পরিবারের সঙ্গে দেখা করার ওপর নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তান ও আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মানবাধিকার প্রধানের সাম্প্রতিক বিবৃতি তাঁর মুক্তির দাবিকে আরও আন্তর্জাতিক গুরুত্ব দিয়েছে।
❤ Support Us






