Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৩, ২০২৬

রাজ্যে গোরক্ষায় নয়া বিধি আনছে সরকার, পশুশালায় বিশেষ প্যাকেজ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে গোরক্ষায় নয়া বিধি আনছে সরকার, পশুশালায় বিশেষ প্যাকেজ

মন্ত্রিসভার বৈঠকের পরেই রাজ্যে গোহত্যা বন্ধে কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে কোনওভাবেই ‘গোমাতা’ হত্যা করতে দেওয়া হবে না । এই সংক্রান্ত বিষয়ে নতুন করে বিল এনে আইন প্রণয়নের কথাও জানান তিনি । পাশাপাশি, বয়স্ক গরুর দেখভাল ও চিকিৎসার জন্য রাজ্যের গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘রাজ্যে গোমাতাকে কাটতে দেব না । যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন !’’ তাঁর বক্তব্য, রাজ্যে আইন থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় গোপনে গোহত্যার ঘটনা ঘটছে । এই ধরনের কার্যকলাপ আর বরদাস্ত করা হবে না । কোথাও বেআইনিভাবে গোহত্যা হলে তার বিস্তারিত তথ্য প্রশাসনের কাছে পাঠানোর আবেদনও জানিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এ সব করতে দেব না। লুকিয়ে করছে! ডিটেলস পাঠাবেন। বন্ধ করে দেব ।’’

এ প্রসঙ্গে ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন বা ক্যাটল অ্যাক্ট কার্যকর করার বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, ওই আইনের বিধি মেনেই রাজ্যে পশুহত্যা সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ করা হবে । তবে স্লটার হাউসে পশু জবাইয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি স্পষ্ট করেন, অনুমোদিত স্লটার হাউসে নিয়ম মেনে পশু জবাই করা এবং গোহত্যার বিষয়টি এক নয় । তাঁর বক্তব্য, ‘‘স্লটারহাউস এবং গোমাতার উপর হাত দেওয়া এক নয়। স্লটারহাউসে অনুমতি থাকলে করতে পারেন !’’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পশুহত্যা সংক্রান্ত বিধি কার্যকর করার পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন অনুযায়ী, প্রশাসনের অনুমতি ছাড়া গবাদি পশু জবাই করা যাবে না । ১৪ বছরের কম বয়সি গবাদি পশু জবাইয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে । পাশাপাশি, পশু জবাইয়ের জন্য সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ অথবা রাজ্যের প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমতি প্রয়োজন ।

বিধি ঘিরে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়েছিল । মামলার শুনানির পর গত ২১ মে আদালত জানায়, পশু জবাই সংক্রান্ত বিষয়ে ১৩ মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা বহাল থাকবে । অর্থাৎ, জবাইয়ের উপযুক্ত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শংসাপত্র ছাড়া কোনও পশু জবাই করা যাবে না । সোমবার মুখ্যমন্ত্রীও হাই কোর্টের সেই পর্যবেক্ষণের কথা উল্লেখ করে জানান, আইন ও আদালতের নির্দেশ মেনেই রাজ্যে পশুহত্যা সংক্রান্ত বিধি কার্যকর করা হবে ।

অন্যদিকে, বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী । তিনি জানান, রাজ্যের গোশালাগুলিকে প্রতিটি বয়স্ক গরুর দেখভাল ও চিকিৎসার জন্য বছরে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে । গরুর লালনপালন, খাদ্য ও চিকিৎসার মতো প্রয়োজনীয় খরচ মেটাতেই এই অর্থ সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
সব মিলিয়ে, গোহত্যা নিয়ন্ত্রণে বিদ্যমান আইন কার্যকর করার পাশাপাশি নতুন বিল আনার পরিকল্পনা এবং গোশালাগুলিকে আর্থিক সহায়তার ঘোষণার মাধ্যমে পশু রক্ষণাবেক্ষণ ও জবাই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!