Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৪, ২০২৬

জোড়া কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ ! নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্পে দুলল দার্জিলিং, সিকিম ও শিলিগুড়ি

আরম্ভ ওয়েব ডেস্ক
জোড়া কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ ! নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্পে দুলল দার্জিলিং, সিকিম ও শিলিগুড়ি

মঙ্গলবার সকালেই ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। সকাল ৭টা নাগাদ পরপর দু’দফায় কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শুধু উত্তরবঙ্গই নয়, প্রতিবেশী সিকিমেও ভূমিকম্পের তীব্রতা অনুভব করেন সাধারণ মানুষ। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এবং মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস-এর প্রাথমিক তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। নেপালের কোশী অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। কম্পনের কেন্দ্রস্থল সিকিমের কাছাকাছি হওয়ায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এর প্রভাব পড়ে।

দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি নেপালের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বিহার, ভুটান এবং বাংলাদেশের কয়েকটি এলাকাতেও।

সকালবেলায় আচমকা পরপর দু’বার মাটি কেঁপে ওঠায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। যাঁরা প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন কিংবা মাঠে শরীরচর্চা করছিলেন, তাঁরাও স্পষ্টভাবে কম্পন অনুভব করেন। আতঙ্কে শিলিগুড়ি ও জলপাইগুড়ির বহু মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় বেরিয়ে আসেন।

উল্লেখ্য, এর আগেও নেপালে ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। গত ১২ নভেম্বর, অর্থাৎ প্রায় দু’সপ্তাহ আগে, ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। সেই সময় সিকিম এবং বাংলাদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নেপালে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় ও সমতল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!